ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ (Bonolota Express)। প্রথম সপ্তাহে তুলনামূলক কম শো পেলেও দর্শক টানতে সক্ষম হয় সিনেমাটি। দর্শক আগ্রহের জেরে দ্বিতীয় সপ্তাহে একাধিক প্রেক্ষাগৃহে সর্বাধিক শো নিয়ে চলছে এটি।
মুক্তির মাত্র ১১ দিনে সিনেমাটি ৩ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা, ব্লকবাস্টার সিনেমাস থেকে ৪২ লাখ ৩৩ হাজার টাকা, লায়ন সিনেমাস থেকে ১২ লাখ ২৯ হাজার টাকা এবং কে-স্ক্রিন থেকে আয় ৫ লাখ ৫৮ হাজার টাকা।
পরিচালক তানিম নূর বলেন, “দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি তা সত্যিই অভাবনীয়। তারা বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে দলবেঁধে সিনেমাটি দেখতে আসছেন। এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।”
দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২৮টি শো চলছিল, বৃহস্পতিবার তা বেড়ে ৩৩টি শোতে পৌঁছেছে। লায়ন সিনেমাসে ২টি এবং ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। তবে দর্শকদের মধ্যে অনেকেই টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন এবং শোর সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন।
দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাফল্যের পর এবার আন্তর্জাতিক বাজারেও দাপট দেখাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। উত্তর আমেরিকা ও ইউরোপের তিনটি দেশ—কানাডা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য—এর মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ জানিয়েছে, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩৮টি, কানাডার ১০টি এবং যুক্তরাজ্যের ৪টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
বিশ্বের নামি সিনেমা চেইন—যুক্তরাষ্ট্রের এএমসি ও রিগ্যাল, কানাডার সিনেপ্লেক্স এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের পর্দায় দেখা যাচ্ছে বাংলাদেশের এই সিনেমা। নিউইয়র্ক, ডালাস, টরন্টো, ভ্যানকুভার ও লন্ডনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রবাসী দর্শকরা বড় পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন। সিনেমাটির গল্পে একটি ট্রেন যাত্রার মাধ্যমে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।


