সংসদে বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন এমপি হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন আর আগের মতো নেই, বরং এটি “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” পরিণত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের জন্য আবেদন করলে তার বিরোধিতা করেন হাসনাত আবদুল্লাহ।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি দেশের ক্রিকেট প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন। “বাপের দোয়া ক্রিকেট বোর্ড” মন্তব্যের মাধ্যমে বোর্ড পরিচালনায় পক্ষপাতিত্ব বা অস্বচ্ছতার ইঙ্গিত দিয়েছেন বলে বিশ্লেষকদের ধারণা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরেই প্রশাসনিক সিদ্ধান্ত, নির্বাচন প্রক্রিয়া এবং দল ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে রয়েছে। সংসদের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে এমন সরাসরি মন্তব্য বিষয়টিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।