সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস (US Embassy)। পবিত্র হজ পালনে অংশ না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে তাদের।
দ্য গার্ডিয়ান (The Guardian)-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষের দেওয়া ভ্রমণ সতর্কতার ভিত্তিতে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বর্তমান আঞ্চলিক যু’\দ্ধাবস্থা ও অস্থিরতার কারণে বড় জমায়েত বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে। তাই সংঘাতপূর্ণ সময়ে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
‘হজ ২০২৬’ সামনে রেখে সৌদি সরকারও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। আগামী ১৮ এপ্রিল থেকে মক্কা (Mecca)-তে প্রবেশে নতুন নিয়ম কার্যকর হবে। হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্মপরমিট ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবে না।
এছাড়া অন্য ভিসাধারীদের নির্ধারিত সময়ের আগে মক্কা ত্যাগ করতে হবে বলে জানানো হয়েছে। মার্কিন নাগরিকদের জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, হজ পালনের ক্ষেত্রে অবশ্যই সৌদি সরকারের নির্ধারিত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ পারমিট ও ভিসা সংগ্রহ করতে হবে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে প্রবেশ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি জরিমানা, আটক বা বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।
ওমরাহ ভিসাধারীদের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ৩ এপ্রিল ছিল সৌদি আরবে প্রবেশের শেষ সময়, আর তাদের ১৮ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। ধারণা করা হচ্ছে, এসব কঠোর বিধিনিষেধ জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে।


