আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ আবারও জোরালোভাবে তুলেছে ঢাকা।
বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান (Dr. Khalilur Rahman) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করেন। একই সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর (Humayun Kabir) এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।
দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন খাত—বিশেষ করে কূটনীতি, জ্বালানি, নিরাপত্তা ও বাণিজ্যে—অগ্রগতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে চলমান নানা ইস্যুতেও মতবিনিময় হয়।
ড. খলিলুর রহমান বৈঠকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)-এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। এই নীতিতে পারস্পরিক আস্থা, সম্মান এবং উভয় দেশের লাভ নিশ্চিত করাকেই অগ্রাধিকার দেওয়া হবে।
এ সময় তিনি শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হ’\ত্যা’\কা’\রী’\দে’\র গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রেপ্তার ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে বলে জানান তিনি।
ভারতের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আগামী সপ্তাহগুলোতে আরও সহজ ও দ্রুততর করা হবে।
এছাড়া ড. রহমান সম্প্রতি ভারতের পক্ষ থেকে ডিজেল সরবরাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে ডিজেল ও সার রপ্তানির পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান। এ বিষয়ে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) ইতিবাচক মনোভাবের কথা জানান।
বৈঠকের শেষদিকে উভয় পক্ষই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে সংলাপ অব্যাহত রাখা এবং সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।


