জনপ্রিয় পারিবারিক ড্রামা ও কমেডি চরিত্র জ্ঞানী গণি আবার ফিরছে পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’, যা আগামীকাল, বৃহস্পতিবার ৯ই এপ্রিল থেকে শুধুমাত্র বঙ্গ-এ স্ট্রিমিং হবে।
ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলটি দর্শকদের হাসাতে ও ভাবাতে আসছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে। এবারের গল্প আবর্তিত হয়েছে গ্রামে নতুন এক অতিথির আগমনকে কেন্দ্র করে। এই অতিথির উপস্থিতিতে তৈরি অদ্ভুত পরিস্থিতি কি জ্ঞানী গণি পারবে নিজের বুদ্ধি দিয়ে সামলাতে, নাকি নিজেই জড়িয়ে যাবে কোনো বড় বিপদে—এই প্রশ্নের উত্তর মিলবে নাটকটির পর্দায়।
পরিচালক ইমরান ইমন বলেন, “জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে জ্ঞানের মারপ্যাঁচে এক ভিন্নরকম সামাজিক অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, দর্শক এবারও গণির কাণ্ডকারখানা উপভোগ করবেন।”
শরাফ আহমেদ জীবন ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগী ও অন্যান্যরা। নাটকের চিত্রনাট্য ও সংলাপের মাধ্যমে পারিবারিক বন্ধন এবং বুদ্ধিমত্তার লড়াই ফুটে উঠেছে, যা দর্শকদের জন্য এক বিনোদনময় অভিজ্ঞতা তৈরি করবে।
