কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজকে কেন্দ্র করে আগামী কয়েকদিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (Bangladesh Submarine Cables PLC) এ তথ্য নিশ্চিত করে। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের উদ্যোগে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৫)-এর রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগবে প্রায় ৩ দিন ৮ ঘণ্টা।
এই সময়টিতে রক্ষণাবেক্ষণ কাজ ‘ট্রাফিক অ্যাফেক্টিং’ হওয়ায় সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী ইন্টারনেট সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট কিংবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে বিকল্প হিসেবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৪) সচল থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে আংশিকভাবে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি আরও জানায়, সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে, যাতে দ্রুত স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরুদ্ধার করা যায়।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
