ওভাল অফিস থেকে ‘বাইবেল পাঠ’ ঘোষণা ট্রাম্পের, পোপ লিওর সঙ্গে তিক্ততা বাড়ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ‘বাইবেল পাঠ’ অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ককে সামনে নিয়ে এসেছে।

আগামী ২১ এপ্রিল ‘আমেরিকা রিডস দ্য বাইবেল’ শীর্ষক এই আয়োজনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (ইস্টার্ন টাইম) ট্রাম্প ভিডিও বার্তার মাধ্যমে পবিত্র বাইবেল (Bible)-এর একটি অংশ পাঠ করবেন বলে জানিয়েছে আয়োজকরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাম্প যে অংশটি পাঠ করবেন তা বাইবেলের ‘২ ক্রনিকলস ৭:১১-২২’ থেকে নেওয়া। এর মধ্যে ১৪ নম্বর আয়াতটি বিশেষভাবে আলোচিত—যেখানে বলা হয়েছে, “আমার নাম ধারণকারী জনগণ যদি বিনম্র হয়, প্রার্থনা করে, আমার দর্শন খোঁজে এবং তারা খারাপ পথ থেকে ফিরে আসে, তাহলে আমি স্বর্গ থেকে শুনবো; তাদের পাপ ক্ষমা করবো।”

এই ঘোষণা এমন এক প্রেক্ষাপটে এসেছে, যখন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও (Pope Leo)-এর সঙ্গে ট্রাম্পের মতবিরোধ প্রকাশ্যে এসেছে এবং তা ক্রমেই তীব্র হচ্ছে।

ক্যাথলিক চার্চের নেতৃত্ব গ্রহণের প্রথম দিকে তুলনামূলকভাবে সংযত থাকলেও, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংঘাত ও যুদ্ধ ইস্যুতে সরব হয়ে উঠেছেন পোপ লিও। বিশেষ করে ইরান (Iran) পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক পদক্ষেপ নিয়ে তিনি কড়া সমালোচনা করেন।

ক্যামেরুন (Cameroon)-এ দেওয়া এক বক্তব্যে পোপ বলেন, বিশ্ব এখন মুষ্টিমেয় স্বৈরশাসকের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি অভিযোগ করেন, মানবিক উন্নয়ন, শিক্ষা ও পুনর্গঠনের পরিবর্তে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে যুদ্ধ এবং অস্ত্র প্রতিযোগিতায়।

পোপ লিও আরও সতর্ক করে বলেন, যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মকে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। যারা ধর্মীয় ভাষা ব্যবহার করে সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ প্রতিষ্ঠা করতে চায়, তারা পবিত্রতাকেই অপবিত্র করছে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, “এটি এক উল্টে যাওয়া বিশ্ব, যেখানে ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে—যা কোনো বিবেকবান মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।”

অন্যদিকে, পোপের ইরান সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “আমরা এমন পোপ পছন্দ করি না, যিনি পারমাণবিক অস্ত্র নিয়ে এমন মন্তব্য করেন।” জবাবে পোপ স্পষ্ট করে দেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ‘ভয়’ পান না।

পাল্টাপাল্টি এই মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যেখানে ধর্ম, রাজনীতি এবং বৈশ্বিক সংঘাত—সবকিছুই এক সুতোয় গাঁথা হয়ে পড়ছে।

এর মধ্যেই ট্রাম্পের আরেকটি বিতর্ক সামনে আসে। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে নিজের একটি এআই-তৈরি ছবি পোস্ট করেন, যেখানে তাকে যিশুর মতো দেখানো হয়েছিল। পরে ছবিটি সরিয়ে নেওয়া হলেও তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে ট্রাম্প দাবি করেন, ছবিটি আসলে তাকে একজন চিকিৎসক হিসেবে উপস্থাপন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, যিনি মানুষকে ‘সুস্থ’ করছেন।