পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত প্রবেশপত্র হাতে না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা। সোমবার (২০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নিয়ে তারা এ অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার আগে প্রবেশপত্র না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থী। অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে তারা রাত সোয়া ৯টার দিকে মহাসড়কে অবস্থান নেন। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধ চলার পর রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে উপস্থিত হন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান এবং পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং রাতের মধ্যেই প্রবেশপত্র পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শুধু গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ই নয়, একই উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন পরীক্ষার্থীও সোমবার বিকেল পর্যন্ত প্রবেশপত্র পাননি। এ ঘটনায় ক্ষোভে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় অবস্থান নেন।
এদিকে জেলার ফুলছড়ি উপজেলায় কঞ্চিপাড়া এমইউ একাডেমি উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন পরীক্ষার্থীর প্রবেশপত্রে মারাত্মক ত্রুটি ধরা পড়ে। কারও বিভাগ ভুল, কারও ছবির স্থানে অন্যের ছবি, আবার কারও বাবা-মায়ের নামেও রয়েছে ভুল। এসব ত্রুটি সংশোধনের দাবিতে দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত সবার হাতে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
পরীক্ষার্থীরা বলেন, হাতে অল্প সময় থাকলেও প্রবেশপত্র না পাওয়ায় তারা চরম মানসিক চাপের মধ্যে ছিলেন। প্রশাসনের আশ্বাসে তারা এখন ঘরে ফিরে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন।

