জুলাই গণঅভ্যুত্থানে নি’\হত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami Bangladesh) নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সোমবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ (Hamidur Rahman Azad) মোট ১৩ জন প্রার্থীর নাম প্রকাশ করেন। একক প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় রোকেয়া বেগমের সংসদে যাওয়া এখন সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় উত্তরায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি পড়ুয়া ছয় বছর বয়সী জাবির ইব্রাহিম বাবার সঙ্গে বিজয় মিছিলে অংশ নেয়। শেখ হাসিনা সরকারের পতনের পর মিছিলটি যখন উত্তরার পূর্ব থানার সামনে দিয়ে যাচ্ছিল, তখন পুলিশের গু’\লি তার উরুতে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কুয়েত-মৈত্রী হাসপাতালে নেওয়া হলেও রক্তের সংকটে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
এই ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। শহীদ জাবিরের মা রোকেয়া বেগম একজন গৃহিনী, আর তার স্বামী একটি বেসরকারি মোবাইল রিটেইলার প্রতিষ্ঠানে কর্মরত। সন্তানদের নিয়ে ঐতিহাসিক লংমার্চে অংশ নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন রোকেয়া বেগম নিজেই।
সংরক্ষিত নারী আসনে এই জোট মোট ১৩টি আসন পেতে যাচ্ছে। আনুপাতিক হিসাবে জামায়াতের একারই ১২টি আসন পাওয়ার কথা থাকলেও রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে তারা শরিক দলগুলোর জন্য তিনটি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে ন্যাশনাল সিভিল পার্টি (National Civil Party – NCP), বাংলাদেশ খেলাফত মজলিস (Bangladesh Khelafat Majlis) এবং জাগপা (JAGPA)-কে একটি করে আসন দেওয়া হয়েছে।
ফলে এনসিপির সংরক্ষিত নারী আসনের সংখ্যা দাঁড়িয়েছে দুইটিতে। জামায়াত মনোনীতদের তালিকায় রয়েছেন নারী অধিকার আন্দোলন নামের একটি সংগঠনের নেত্রী প্রকৌশলী মারদিয়া মমতাজ, যিনি বর্তমানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
এছাড়া জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন বিভাগের সেক্রেটারি সাবিকুন নাহার মুন্নি এবং প্রচার বিভাগের সেক্রেটারি নাজমুন নাহার নীলু। তালিকায় আরও আছেন সাবেক সেক্রেটারি মাহফুজা সিদ্দিকা এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য সাজেদা সামাদ ও শামছুন্নাহার নাহার। আগামী মঙ্গলবার এই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে।
শরিক দলগুলোর মধ্যেও গুরুত্বপূর্ণ কিছু নাম এসেছে সামনে। এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। ঝালকাঠী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর রাজনৈতিক সমঝোতার ধারাবাহিকতায় মিতুকে এবার সংরক্ষিত আসনে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে মনিরা শারমিন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সক্রিয় সদস্য ছিলেন।
জোটের অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাগপার চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকৌশলী মাহবুবা হাকিম। জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিনিময়ে তার বোন তাসমিয়া প্রধানকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া সংসদ নির্বাচনে দুটি আসনে জয়ী হওয়া মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসকেও জামায়াত তাদের কোটা থেকে একটি আসন দিয়েছে। জোটবদ্ধ রাজনীতির কৌশলগত হিসাব-নিকাশ থেকেই শরিকদের মধ্যে এই আসন বণ্টন করা হয়েছে বলে জানা গেছে।


