বৈশাখের দাহন বাড়ছে—দেশজুড়ে তাপপ্রবাহ তীব্র, কোথাও ৪০ ডিগ্রি ছোঁয়ার শঙ্কা

বৈশাখের মাঝামাঝি সময়েই দেশের আবহাওয়া যেন আগুন ঝরাতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, আর তীব্র গরমে জনজীবন হয়ে উঠেছে প্রায় স্থবির। রাস্তাঘাট, বাজার কিংবা কর্মস্থল—সবখানেই মানুষের মধ্যে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে আশঙ্কা করা হচ্ছে, কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে।

সোমবার (২০ এপ্রিল) দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করা সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি (Bangladesh Weather Observation Team-BWOT) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই পূর্বাভাস তুলে ধরে।

ওই পোস্টে জানানো হয়, গত কয়েকদিন দেশের কিছু স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও মঙ্গলবার থেকে ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় এই তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রায় রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিশেষ করে রাজশাহী (Rajshahi), চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়িসহ আশপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে।

এছাড়া খুলনা (Khulna) ও রাজশাহী বিভাগের দু-একটি জেলায় কিছু সময়ের জন্য তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলতে পারে।

এই প্রেক্ষাপটে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দিনের সবচেয়ে গরম সময়—দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। এ সময়টায় ঘরে থাকা বা তুলনামূলক ঠান্ডা স্থানে অবস্থান করার ওপর জোর দেওয়া হয়েছে।