কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহকারী একটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস কম সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস (Titas Gas) কর্তৃপক্ষ।
মঙ্গলবার জারি করা এক জরুরি নোটিশে সংস্থাটি জানায়, এই ঘাটতির প্রভাব ইতোমধ্যেই পড়েছে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জসহ ঢাকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়। এসব অঞ্চলে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আবাসিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আরএলএনজি সরবরাহের একটি এফএসআরইউ কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। ফলে সংস্থার আওতাধীন বিভিন্ন এলাকায় স্বল্পচাপ পরিস্থিতি বিরাজ করছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগতে পারে, এবং ততদিন পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিক নাও থাকতে পারে।
এই পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আবাসিক গ্রাহকরাও রান্নার কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন, যা দৈনন্দিন জীবনে বাড়তি চাপ তৈরি করতে পারে।
