তামান্নার পর নতুন সঙ্গী? রহস্যময়ীর সঙ্গে বিজয় ভার্মার উপস্থিতি ঘিরে জল্পনা

বলিউডের জনপ্রিয় জুটি হিসেবে দীর্ঘদিন আলোচনায় ছিলেন বিজয় ভার্মা (Vijay Varma) ও তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। পরস্পরের প্রতি তাদের ভালোবাসা ছিল প্রকাশ্য—লুকিয়ে রাখার কোনও প্রবণতা ছিল না এই দুই তারকার মধ্যে। সম্পর্কের নানা মুহূর্ত তারা ভাগ করে নিয়েছেন জনসমক্ষে, যা ভক্তদের কাছেও ছিল উন্মুক্ত এক অধ্যায়।

তবে হঠাৎ করেই সেই সম্পর্কের ইতি ঘটে। বিচ্ছেদের পর এক সময় শোনা যায়, অভিনেত্রী ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)-এর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। যদিও সেই গুঞ্জন নিয়ে কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

এরই মাঝে নতুন করে আলোচনায় এসেছে আরেকটি নাম। সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরাঁর সামনে ক্যামেরাবন্দি হন বিজয়, সঙ্গে ছিলেন এক রহস্যময়ী নারী। দেখা যায়, অভিনেতার পেছন পেছন গাড়িতে উঠছেন তিনি, দুজনের মুখেই ছিল মৃদু হাসি। পরে জানা যায়, এই রহস্যময়ী হলেন অভিনেত্রী আলিয়া কুরেশি (Alia Qureshi)।

আলিয়া কুরেশি পেশাদার অভিনয়শিল্পী। ‘ইটারনালি কনফিউজড অ্যান্ড ইগার ফর লাভ’ সিরিজ দিয়ে তার যাত্রা শুরু। এরপর শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সিনেমা জওয়ান (Jawan)-এ অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে পরিচিতি পান। সেখানে শাহরুখের প্রমীলা বাহিনীর একজন সদস্য হিসেবে নজর কাড়েন। নেটফ্লিক্সের ‘নাদানিয়া’ ছবিতেও তাকে দেখা গেছে, যেখানে প্রধান ভূমিকায় ছিলেন ইব্রাহিম আলি খান ও খুশি কাপুর। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও নিজের পরিচয় গড়ে তুলেছেন আলিয়া।

অন্যদিকে বিজয় ভার্মা বর্তমানে ব্যস্ত ‘মটকা কিং’ সিনেমার শুটিং নিয়ে। ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন কি না, তা নিয়ে চলছে নানা জল্পনা।

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী বলেছিলেন, তিনি এমন একজন জীবনসঙ্গী হতে চান, যিনি তাকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। একই সুরে সম্প্রতি বিজয়ও বলেছেন, “আমি খুব ভালো জীবনসঙ্গী হতে চাই, যেন আমাকে পেয়ে সে নিজেকে ভাগ্যবান ভাবে।”

তবে প্রশ্ন থেকেই যায়—আলিয়ার মধ্যেই কি সেই জীবনসঙ্গীকে খুঁজে পেলেন বিজয়? এই সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু বলিউডের অন্দরমহলে আলোচনা থামছেই না।