ওয়ানডে ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের তালিকায় এবার জায়গা করে নিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম (Wasim Akram) এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (Trent Boult)-এর সমান ছয়বার ইনিংসে পাঁচ উইকেট শিকার করে ইতিহাসের এক অনন্য তালিকায় নিজের নাম লেখালেন এই বাঁহাতি পেসার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দারুণ বোলিং করেন মোস্তাফিজ। ৯ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে আবারও নিজের বিধ্বংসী রূপ দেখান তিনি। এর মাধ্যমে ওয়ানডে ক্যারিয়ারে ১২০ ম্যাচে ছয়বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছান তিনি।
আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী, বাঁহাতি পেসারদের মধ্যে এই তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (Mitchell Starc)। তিনি ১৩০ ম্যাচে নয়বার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন।
অন্যদিকে ওয়াসিম আকরাম ৩৫৬ ওয়ানডেতে এবং ট্রেন্ট বোল্ট ১১৪ ম্যাচে ছয়বার করে ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন। সেই অভিজাত তালিকায় এখন সমান অবস্থানে বাংলাদেশের মোস্তাফিজ।
২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মোস্তাফিজের। অভিষেক ম্যাচেই ৫০ রানে ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তোলেন তিনি। পরের ম্যাচে আবারও ৪৩ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের আগমনী বার্তা জানান দেন।
এরপর একই বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানে ৫ উইকেট নেন তিনি। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বার্মিংহামে ৫৯ রানে এবং পাকিস্তানের বিপক্ষে লর্ডসে ৭৫ রানে পাঁচ উইকেট নিয়ে আবারও আলোচনায় আসেন এই বাঁহাতি পেসার।
প্রায় সাত বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে এই সাম্প্রতিক পাঁচ উইকেট শিকার মোস্তাফিজকে আবারও শীর্ষ পর্যায়ের বোলারদের কাতারে নিয়ে গেছে। বাংলাদেশ দলের ইতিহাসে ওয়ানডেতে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের রেকর্ডও এখন তার দখলে।


