নব্বই দশকের কালজয়ী সিনেমা ‘খলনায়ক’ এবার নতুন রূপে ফিরছে বড় পর্দায়। অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt) আনুষ্ঠানিকভাবে তার নতুন প্রজেক্ট ‘খলনায়ক রিটার্নস’-এর ঘোষণা দিয়েছেন, যা মূল সিনেমার সিক্যুয়েল হিসেবে নির্মিত হবে বলে জানা গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাইয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ছবিটির সংক্ষিপ্ত টিজার উন্মোচন করা হয়। সেখানে সঞ্জয় দত্তকে তার জনপ্রিয় ‘বল্লু’ চরিত্রে নতুন ও শক্তিশালী লুকে উপস্থাপন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
প্রযোজনার দায়িত্বে রয়েছে সঞ্জয় দত্তের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘থ্রি ডাইমেনশন মোশন পিকচার্স’ এবং প্রযোজক অক্ষয় কম্বোজের ‘অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট’। তারা যৌথভাবে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই (Subhash Ghai) এবং তার প্রতিষ্ঠান ‘মুক্তা আর্টস’ থেকে এই ফ্র্যাঞ্চাইজির স্বত্ব অধিগ্রহণ করেছে।
ছবিটির সৃজনশীল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জিও স্টুডিওসের জ্যোতি দেশপাণ্ডেকে। নতুন এই প্রকল্প ঘিরে বলিউডে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে সঞ্জয় দত্ত আবেগঘন এক স্মৃতিচারণ করেন। তিনি জানান, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় কারাবন্দি থাকার সময়ই ‘খলনায়ক’-এর কাহিনীকে আরও এগিয়ে নেওয়ার ভাবনা তার মাথায় আসে।
তিনি বলেন, “জেলে থাকাকালীন আমি বন্দিদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছিলাম তারা এই ধরনের গল্প দেখতে আগ্রহী কিনা। প্রায় ৪ হাজার কয়েদি ইতিবাচক সাড়া দেন। এরপর আমি তাদের প্রত্যেককে গল্প নিয়ে একটি করে পৃষ্ঠা লিখতে বলি।”
তার মতে, সেই ৪ হাজার পৃষ্ঠা পরবর্তীতে গল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দীর্ঘ সময় ধরে তিনি সেগুলো বিশ্লেষণ করেন। পরে প্যারোলে মুক্তি পাওয়ার পর তিনি বিষয়টি পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে আলোচনা করেন এবং তার সম্মতি নেন।
ছবির প্রস্তুতি নিয়ে সঞ্জয় দত্ত জানান, তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না। তার ভাষায়, “একটি সিনেমার আসল শক্তি তার চিত্রনাট্য। এটি নিখুঁত করতে ৬ থেকে ৮ মাস বা তারও বেশি সময় লাগলেও আমরা অপেক্ষা করব।”
এদিকে মূল ‘খলনায়ক’ ছবির পরিচালক সুভাষ ঘাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, সঞ্জয় দত্ত ও তার পরিবারের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই প্রজেক্টটি বাস্তবায়ন করা, এবং তিনি বিশ্বাস করেন নতুন সংস্করণটি মূল ছবিকেও ছাড়িয়ে যেতে পারে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ‘খলনায়ক’ ছবিতে সঞ্জয় দত্তের পাশাপাশি জ্যাকি শ্রফ (Jackie Shroff) ও মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) অভিনয় করেছিলেন। তবে নতুন কিস্তিতে পুরনো তারকাদের উপস্থিতি থাকবে কিনা, তা এখনো প্রকাশ করা হয়নি।


