ইতিহাস গড়ার পথে থালাপতি বিজয়, তামিলনাড়ুতে টিভিকের চমকপ্রদ এগিয়ে যাওয়া ঘিরে উচ্ছ্বাস

অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া থালাপাতি বিজয় (Thalapathy Vijay) এবার তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস লেখার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (Tamilaga Vettri Kazhagam) বা টিভিকে ১১০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে—যা ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে আলোচিত হচ্ছে।

চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যদের নাচ-গান ও উচ্ছ্বাসে যেন পূর্ণ হয়ে উঠেছে পুরো বাড়ি। বিজয়ের জনপ্রিয় গান ‘হুইসেল পোডু’ বাজিয়ে আনন্দ উদযাপন করতেও দেখা যায় তাদের।

বিজয়ের মা শোভা চন্দ্রশেখর (S. A. Chandrasekhar) বলেন, তিনি অত্যন্ত খুশি এই অগ্রগতিতে। পাশাপাশি তার বাবা এস. এ. চন্দ্রশেখর (S. A. Chandrasekhar) জানান, তিনি শুধু একজন পিতা নন, বরং বিজয়ের প্রথম ভক্তও। তার ভাষায়, গত ৩০ বছর ধরে বিজয়ের মনে ছিল তামিলনাড়ুর মানুষের জন্য কিছু করার স্বপ্ন, যা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে।

তিনি আরও বলেন, একজন মানুষের কেবল শিল্পী হওয়াই যথেষ্ট নয়, সমাজের জন্য দায়িত্ববোধও থাকা জরুরি। বিজয় সেই দায়িত্ব গ্রহণ করেছেন বলে তিনি মনে করেন। গত দুই বছরে বিজয়ের আত্মবিশ্বাসও ছিল চোখে পড়ার মতো।

পরিবারের মতে, বিজয়ের জনপ্রিয়তার মূল শক্তি তার সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্ক। মহিলারা তাকে সন্তানের মতো দেখেন, কেউ ভাইয়ের মতো, আবার প্রবীণরা নাতির মতো ভালোবাসেন—এই সম্পর্কই তাকে জনমানসে বিশেষ অবস্থানে পৌঁছে দিয়েছে।

২৩ এপ্রিল এক দফার নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, ১১৮ আসনের মধ্যে ১০৯টিতে এগিয়ে রয়েছে টিভিকে। এই ধারা অব্যাহত থাকলে তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করা হচ্ছে, যেখানে বিজয়কে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবেও দেখা হচ্ছে।