পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফল ঘোষণার পর তিনি সরাসরি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, “লুট-লুট-লুট হয়েছে।”
তিনি অভিযোগ করেন, এই নির্বাচনে ব্যাপক অনিয়ম ঘটেছে এবং তার দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দল আবারও ঘুরে দাঁড়াবে এবং রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে।
নির্বাচন কমিশনের ভূমিকাও কঠোর ভাষায় সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কমিশনকে সরাসরি “বিজেপি কমিশন” হিসেবে উল্লেখ করে দাবি করেন, ১০০টিরও বেশি আসনে ফলাফল ‘লুট’ করা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের কাছেও তিনি অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, “আমি সিও এবং মনোজ আগারওয়াল (Manoj Agarwal)-কে জানিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।”
তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচনের ফলাফল ও প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যেখানে পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।


