জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি (National Citizen Party)-র সাবেক নেত্রী নীলা ইসরাফিল (Neela Israfil) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি সম্বলিত একটি পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (Dhaka South City Corporation) মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।’
জুলাই আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন নীলা ইসরাফিল। পরে তিনি এনসিপিতে যোগ দেন এবং দলটির বিভিন্ন কার্যক্রমেও অংশ নেন। তবে পরবর্তীতে এনসিপির আরেক নেতা সারোয়ার তুষার (Sarwar Tushar)-এর সঙ্গে দ্বন্দ্বের জেরে দল থেকে পদত্যাগ করেন।
তার এই প্রার্থিতা ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তরুণ রাজনৈতিক কর্মীদের একটি অংশ বিষয়টিকে নতুন রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন।
