ভারতের পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলো।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার পাঁচ সদস্যের নামও ঘোষণা করা হয়েছে। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ। এরপর একে একে শপথ নেন অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।
শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই কলকাতাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশাল মঞ্চজুড়ে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা প্রতীক তুলে ধরা হয়। মঞ্চের কেন্দ্রে স্থাপন করা হয় বড় আকারের দুর্গামূর্তি, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানে আগত মানুষের জন্য মাঠজুড়ে বিভিন্ন খাবারের স্টলও রাখা হয়। সেখানে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশসহ নানা বাঙালি খাবারের আয়োজন ছিল। রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি পুরো আয়োজন ঘিরে ছিল এক ধরনের উৎসবের আবহ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে বিজেপির এই ক্ষমতায় আসা রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর থাকবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার কীভাবে প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে।


