স্প্যানিশ লিগে দুই দলেরই বাকি আছে চারটি করে ম্যাচ। অথচ পয়েন্ট ব্যবধান এমন জায়গায় পৌঁছেছে, যেখানে শি’\রোপা লড়াই কার্যত শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে। বার্সেলোনা (FC Barcelona) এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। অন্যদিকে রিয়াল মাদ্রিদ (Real Madrid) নিজেদের ভুলেই যেন ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে।
কোচ আলভারো আরবেলোয়া (Alvaro Arbeloa)-এর অধীনে সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে মাদ্রিদ। সেই ধাক্কাতেই লা লিগার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ে তারা। ফলে কাতালুনিয়াজুড়ে এখন শি’\রোপা উৎসবের গন্ধ। টানা দ্বিতীয় লিগ জয়ের স্বপ্নে ভাসছে বার্সা সমর্থকেরা।
আর এই আবহেই মৌসুমের শেষ এল ক্লাসিকো (El Clasico) মাঠে গড়াতে যাচ্ছে আজ রাতে। ন্যু ক্যাম্পের আলোয় ম্যাচটি রিয়াল সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির হওয়ার কথা নয়। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই মহারণ।
সমীকরণ এখন একেবারেই সহজ। ৩৪ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৮৮ পয়েন্ট। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭। অর্থাৎ ব্যবধান ১১। রিয়াল যদি বাকি চার ম্যাচের সবকটিই জিতে, তাহলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৮৯। ফলে শীর্ষে থাকা বার্সেলোনার দরকার মাত্র এক পয়েন্ট।
সেই কারণেই আজকের ম্যাচে ড্র করলেই শি’\রোপা নিশ্চিত হয়ে যাবে লামিনে ইয়ামাল (Lamine Yamal)দের। আর জয় পেলে তো উৎসব শুরু হয়ে যাবে মাঠেই। হারলেও খুব বেশি ক্ষতি নেই—শুধু শি’\রোপা উদযাপনটা পিছিয়ে যাবে কয়েকদিনের জন্য।
তবে এই ম্যাচকে ঘিরে উত্তেজনার আরেকটি বড় কারণও আছে। লা লিগার প্রায় শতবর্ষের ইতিহাসে এখনো এমন দৃশ্য দেখা যায়নি, যেখানে এল ক্লাসিকো জিতে বা ড্র করে সরাসরি শি’\রোপা নিশ্চিত করেছে বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ। ইতিহাসের সেই শূন্য পাতাটিই এবার পূরণ হওয়ার অপেক্ষায়।
আজ রাতে তাই ম্যাচটা শুধু তিন পয়েন্টের নয়। এটি হতে পারে ইতিহাস লেখার রাতও।


