ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের, নতুন কূটনৈতিক বার্তা মস্কোর

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। শনিবার (৯ মে) মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও ইরানের ইউরেনিয়াম স্থানান্তর ও সংরক্ষণের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে রাশিয়া (Russia)।

পুতিন জানান, ২০১৫ সালে ইরান (Iran) থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবারও একই ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব বলে মনে করছে মস্কো।

রুশ প্রেসিডেন্টের দাবি, সাম্প্রতিক ইরান যু’\দ্ধ ঘিরে আলোচনায় অংশ নেওয়া সংশ্লিষ্ট পক্ষগুলো শুরুতে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র (United States) তাদের অবস্থান আরও কঠোর করে।

পুতিন বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি তোলা হয়, ইউরেনিয়াম কেবল মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এরপরই ইরানও আরও কঠোর অবস্থান নেয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, মস্কো এখনো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। চলমান উত্তেজনা ও সংঘাত দ্রুত অবসানের আশাও ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব কেবল প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতির নতুন হিসাব-নিকাশেরও ইঙ্গিত বহন করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মস্কোর এই অবস্থান নতুন করে বৈশ্বিক আলোচনার জন্ম দিতে পারে।

সূত্র: আল জাজিরা