ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’কে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে নির্দিষ্ট মডেলের আইফোন ব্যবহারকারীদের মোট ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে অ্যাপল (Apple)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে দায়ের করা এক মামলার নিষ্পত্তিতে এই অর্থ দিতে রাজি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
মামলায় অভিযোগ করা হয়, অ্যাপলের বিজ্ঞাপনে ‘সিরি’র এমন কিছু কৃ’\ত্রিম বু’\দ্ধিমত্তাভিত্তিক সুবিধা দেখানো হয়েছিল, যেগুলোর বাস্তব অস্তিত্ব তখন ছিল না। এর ফলে ভোক্তারা বিভ্রান্ত হয়ে নতুন আইফোন কিনতে উৎসাহিত হয়েছেন বলে দাবি করা হয়।
আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু মডেলের আইফোন কিনেছেন—এমন গ্রাহকরাই এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন।
ক্ষতিপূরণের আওতায় থাকা মডেলগুলোর মধ্যে রয়েছে আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro), আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।
মামলার তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৭০ লাখ ক্রেতা এই ক্ষতিপূরণের আওতায় আসতে পারেন। তবে অর্থ পেতে হলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
এ বিষয়ে আগামী ৪৫ দিনের মধ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাপল বলে জানা গেছে।
গত বছরের সেপ্টেম্বর থেকে ‘মোর পারসোনাল সিরি’ শিরোনামে একটি বিজ্ঞাপন প্রচার শুরু করে প্রতিষ্ঠানটি। সেখানে আইফোন ১৬ (iPhone 16)-এর সঙ্গে সিরির এমন কিছু উন্নত এআই সুবিধা দেখানো হয়, যেগুলো তখনো ব্যবহারকারীদের জন্য চালু হয়নি।
পরে অ্যাপল স্বীকার করে, প্রতিশ্রুত প্রযুক্তির হালনাগাদ সংস্করণ প্রত্যাশিত সময়ের মধ্যে চালু করা সম্ভব হবে না।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃ’\ত্রিম বু’\দ্ধিমত্তা নিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর বাড়তি প্রতিযোগিতার মধ্যে ব্যবহারকারীদের কাছে অতিরঞ্জিত প্রতিশ্রুতি এখন বড় ধরনের আইনি ঝুঁকির কারণ হয়ে উঠছে। অ্যাপলের এই ক্ষতিপূরণ সিদ্ধান্ত সেই বাস্তবতাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।
সূত্র: ডেইলি মেইল


