বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force-BSF)-কে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ (West Bengal)-এর বিজেপি নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার।

সোমবার ১১ মে হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। এ কাজের জন্য মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে এখনো অরক্ষিত থাকা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আলোচিত এবং বিতর্কিত ইস্যু হিসেবে ঝুলে ছিল। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারেও বিজেপি (Bharatiya Janata Party-BJP) বিষয়টি নিয়ে সরব ছিল।

মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সরকারকে হটিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়েছে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) মমতা বন্দোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য নয়টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এজন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত।