বিগত আওয়ামী লীগ (Awami League) সরকারের সময়ে দীর্ঘ চাকরি জীবনে পদবঞ্চনা, বৈষম্য, অপমান ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তবে শত প্রতিকূলতার মধ্যেও জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরে যাননি বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন এই পুলিশ কর্মকর্তা। বক্তব্যের সময় নিজের দীর্ঘ চাকরি জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বক্তব্যের শুরুতেই তারেক রহমান (Tarique Rahman)-কে উদ্দেশ করে বলেন, “প্রায় ২৯ বছরের চাকরি জীবনে এই প্রথমবার আপনার কার্যালয়ে আসার সুযোগ পেয়ে আমি গর্বিত। জীবনের দীর্ঘ বঞ্চনা, কষ্ট, অপমান আর অপেক্ষার ইতিহাসের বিপরীতে আজকের এই মুহূর্তটি আমার কাছে সবচেয়ে সুন্দর প্রাপ্তি।”
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই চাকরি জীবনের শুরুতেই মাত্র ১৭ মাসের মাথায় তৎকালীন সরকার তাকে অব্যাহতি দিয়েছিল। সেই সময় নিজেকে অসহায় মনে হতো বলেও উল্লেখ করেন তিনি।
ডিআইজি বলেন, “সমাজ, আত্মীয়-স্বজন এমনকি নিজের পরিবারের কাছেও তখন নিজেকে অসহায় লাগত। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)-র সরাসরি হস্তক্ষেপে আমি চাকরি ফিরে পাই।”
বক্তব্যের একপর্যায়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)-কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার প্রতিও কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রেজাউল করিম মল্লিক বলেন, “তার নেতৃত্বে বাংলাদেশ নতুন আশার পথে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি জাতীয়তাবাদী শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছেন।”
বক্তব্যের শেষদিকে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আজ আপনার সামনে এসে মনের গভীরে জমে থাকা স্মৃতিগুলো ব্যক্ত করেছি। আমার ভুল-ত্রুটি মার্জনা করার জন্য বিনীতভাবে আবেদন করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিআইজির এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার প্রকাশ্য মঞ্চে অতীত সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ ও রাজনৈতিক আদর্শের প্রকাশ্য অবস্থান নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।
