ক্ষমতায় এসেই কঠোর বার্তা ‘থালাপতি’ বিজয়ের, ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ

তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (Joseph Vijay), যিনি ‘থালাপতি’ বিজয় নামেই বেশি পরিচিত, নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তার রাজ্যে কোনো নাগরিকের ওপর ধর্মের ভিত্তিতে অন্যায় বা নির্যাতনের ঘটনা ঘটলে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি স্পষ্ট করে জানান, অপরাধী যে ধর্ম বা পরিচয়েরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর ভাষায়, নাগরিকের অধিকার সবার জন্য সমান এবং সেই অধিকার নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রশ্নে তিনি আপসহীন অবস্থানের কথাও তুলে ধরেন।

ক্ষমতা গ্রহণের পরপরই নিজের প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে রাজ্যজুড়ে বিপুল সংখ্যক মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন বিজয়। তার নির্দেশ অনুযায়ী, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (Tamil Nadu State Marketing Corporation) বা টাসম্যাক পরিচালিত ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে টাসম্যাকের অধীনে রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালিত হচ্ছে। বিজয় জানিয়েছেন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জনবহুল বাস স্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে মদের দোকান পরিচালনা করা যাবে না। বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে ২৭৬টি বিভিন্ন ধর্মীয় স্থাপনার আশপাশে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত।

গত রবিবার ৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিবিদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার রাজনৈতিক দল টিভিকে (TVK – Tamilaga Vettri Kazhagam) এবারের নির্বাচনে ডিএমকে এবং এআইএডিএমকের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ভেঙে আলোচিত বিজয় অর্জন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লিগসহ বিভিন্ন রাজনৈতিক শক্তির সমর্থনে বিজয়ের নেতৃত্বে প্রথমবারের মতো একটি জোট সরকার গঠিত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। ক্ষমতায় আসার পর থেকেই তিনি সামাজিক সংস্কার এবং জনকল্যাণমূলক পদক্ষেপের ওপর জোর দিচ্ছেন। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, বিপুলসংখ্যক মদের দোকান বন্ধের সিদ্ধান্ত সেই রাজনৈতিক বার্তারই অংশ।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বেশ কয়েকটি জনকল্যাণমূলক উদ্যোগেও অনুমোদন দিয়েছেন। এর মধ্যে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং জেলা পর্যায়ে মাদকবিরোধী বিশেষ ইউনিট তৈরির পরিকল্পনা উল্লেখযোগ্য।

তবে এত বড় পরিসরে মদের দোকান বন্ধের সিদ্ধান্ত রাজ্যের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। কারণ, টাসম্যাক থেকে প্রাপ্ত রাজস্ব তামিলনাড়ুর আয়ের একটি বড় উৎস হিসেবে বিবেচিত হয়। ফলে ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অর্থায়নে চাপ তৈরি হতে পারে বলেও মত দিয়েছেন তারা।

এরই মধ্যে ডিএমকে আমলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের যে ঘোষণা বিজয় দিয়েছেন, সেটিও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

সূত্র: আর আর চ্যানেল ও এবিপি