বিশ্বজুড়ে বিভিন্ন দেশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ও আস্থার ওপর পরিচালিত নতুন এক আন্তর্জাতিক জরিপে সবচেয়ে নেতিবাচকভাবে দেখা দেশ হিসেবে উঠে এসেছে ইসরাইল (Israel)-এর নাম। ২০২৬ সালের গ্লোবাল কান্ট্রি পারসেপশন র্যাঙ্কিংয়ে দেশটিকে বিশ্বের সবচেয়ে কম ইতিবাচকভাবে মূল্যায়িত রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় ইসরাইলের পরেই রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান।
গবেষণা প্রতিষ্ঠান নিরা ডাটা (Nira Data) পরিচালিত ২০২৬ সালের গণতন্ত্র ও বৈশ্বিক দেশ-ধারণা বিষয়ক এই জরিপে বিশ্বের ১২৯টি দেশ এবং তিনটি আন্তর্জাতিক সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়। এতে ৪৬ হাজার ৬৬৭ জন উত্তরদাতার মতামত বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি ৯৮টি দেশের ৯৪ হাজার ১৪৬ জন অংশগ্রহণকারীর অভিজ্ঞতার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে ২০২৬ ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স, যেখানে নিজ নিজ দেশের গণতান্ত্রিক বাস্তবতা মূল্যায়ন করা হয়েছে।
জরিপ বিশ্লেষণে দেখা গেছে, গাজায় চলমান যু’\দ্ধ, ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতি, খাদ্য সংকট এবং অধিকৃত পশ্চিম তীরে বাড়তে থাকা সহিংসতার প্রেক্ষাপটে ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে মানবাধিকার সংস্থা, জাতিসংঘ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আদালতগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ দেশটির প্রতি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে আরও নেতিবাচক করে তুলেছে।
অন্যদিকে, ইতিবাচক ভাবমূর্তির দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড (Switzerland)। এরপর রয়েছে কানাডা, জাপান, সুইডেন ও ইতালি। জরিপে এসব দেশকে তুলনামূলক স্থিতিশীল, মানবিক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রাষ্ট্র হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
শুধু ইসরাইল নয়, এই জরিপে যুক্তরাষ্ট্রের অবস্থানেও বড় ধরনের অবনতি ধরা পড়েছে। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় দেশটি এখন বিশ্বের পাঁচটি সবচেয়ে নেতিবাচকভাবে দেখা দেশের মধ্যে স্থান পেয়েছে। এমনকি রাশিয়া ও চীনের চেয়েও নিচে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে দেশটির নেট পারসেপশন স্কোর ছিল প্লাস ২২ শতাংশ, যা ২০২৬ সালে নেমে দাঁড়িয়েছে মাইনাস ১৬ শতাংশে। মাত্র দুই বছরের ব্যবধানে ৩৮ পয়েন্টের এই পতনকে বিশ্লেষকেরা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর পররাষ্ট্রনীতি, ন্যাটো মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, আক্রমণাত্মক শুল্কনীতি, গ্রিনল্যান্ড ইস্যুতে বিতর্ক, ইউক্রেন সহায়তা কমিয়ে আনা এবং ইরান-ইসরাইল যু’\দ্ধে ওয়াশিংটনের ভূমিকা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি ক্ষয়ের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে।
জরিপে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রকে রাশিয়া ও ইসরাইলের পর বিশ্বের অন্যতম বড় বৈশ্বিক হুমকি হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক অবস্থানের প্রশ্নে সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে বৈশ্বিক জনমতের মধ্যে ক্রমবর্ধমান অস্বস্তি তৈরি হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর


