বল হাতে দুর্দান্ত ছন্দে থাকা নাহিদ রানা (Nahid Rana) এবার পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই টাইগার পেসার।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করে আইসিসি (ICC)। সেখানে ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে মাসসেরার পুরস্কার জিতে নেন নাহিদ।
পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই ডানহাতি পেসার। নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া তার জন্য দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন পারফরম্যান্স করায় পুরো সিরিজটিই আরও বিশেষ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ। পাশাপাশি ভবিষ্যতেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান বলেও জানান তিনি।
ঘরের মাঠে নিউজিল্যান্ড (New Zealand)-এর বিপক্ষে ওয়ানডে সিরিজে রীতিমতো আগুন ঝড়ান নাহিদ। তিন ম্যাচের সিরিজে তিনি শিকার করেন ৮ উইকেট। পুরো সিরিজে তার বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬।
তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই বাংলাদেশ (Bangladesh) ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। শুধু তাই নয়, সিরিজসেরার পুরস্কারও ওঠে নাহিদের হাতে।


