রহস্যময় গুপ্তধনের অনুসন্ধান, ইতিহাসের গোপন সূত্র আর একদল সাহসী কিশোর-কিশোরীর দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র গুপ্তধনের খোঁজে (Guptodhoner Khoje)। সিনেমাটি পরিচালনা করছেন রাইসুল ইসলাম অনিক (Raisul Islam Anik)।
নির্মাতা অনিক জানিয়েছেন, সিনেমাটিতে থাকবে রহস্য, ইতিহাস, বন্ধুত্ব, সাহসিকতা এবং রোমাঞ্চকর অভিযানের মিশেল। গল্পে দেখা যাবে, এক রহস্যময় গুপ্তধনের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী জড়িয়ে পড়ে ভয়ংকর কিন্তু উত্তেজনাপূর্ণ এক অভিযানে। সেই যাত্রায় তাদের সামনে আসে নানা চ্যালেঞ্জ, অজানা সংকেত আর ইতিহাসের বহু গোপন অধ্যায়।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ এবং রুহনাজ নাওয়ার কাশফিসহ আরও অনেকে।
পরিচালক রাইসুল ইসলাম অনিক বলেন, “বাংলাদেশের শিশু-কিশোর দর্শকদের জন্য মানসম্মত অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র খুব কম নির্মিত হয়। সেই জায়গা থেকেই ‘গুপ্তধনের খোঁজে’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এমন একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি যেখানে শুধু বিনোদন নয়, শিশুদের কল্পনাশক্তি, সাহসিকতা, ইতিহাস সম্পর্কে আগ্রহ এবং বন্ধুত্বের মূল্যবোধও ফুটে উঠবে।”
সিনেমাটি প্রযোজনা করেছেন মডেল ও অভিনেতা অন্তু করিম (Ontu Karim)। গল্পও লিখেছেন তিনি। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম অনিক এবং রাসিদুর রহমান।
প্রযোজক অন্তু করিম বলেন, “বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা চাই নতুন প্রজন্ম বাংলা ভাষায় এমন গল্প দেখুক, যা তাদের আনন্দ দেবে, ভাবাবে এবং অনুপ্রাণিত করবে। ‘গুপ্তধনের খোঁজে’ সেই স্বপ্ন থেকেই নির্মিত।”
সিনেমাটি নির্মিত হয়েছে পেন্টাগন ফিল্মস (Pentagon Films)-এর ব্যানারে। সহপ্রযোজক হিসেবে রয়েছে এমএস মাল্টিমিডিয়া। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, রাইসুল ইসলাম অনিক এর আগে ‘ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’ নামের দুটি সিনেমা নির্মাণ করেছেন।


