গরু-ছাগল কেনাবেচা আর কোরবানির প্রস্তুতির ব্যস্ততার আড়ালে অনেকেই জিলহজ মাসের প্রথম দশকের প্রকৃত গুরুত্ব উপলব্ধি করতে পারেন না বলে মন্তব্য করেছেন ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ (Shaykh Ahmadullah)।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, একজন মুসলিমের জন্য রমজানের পর জিলহজ মাসের প্রথম দশকই হচ্ছে ‘দ্বিতীয় বসন্ত’।
আস-সুন্নাহ ফাউন্ডেশন (As-Sunnah Foundation)-এর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, “গরু-ছাগল ইত্যাদি নিয়ে ব্যস্ততা ছাড়া আমরা আসলে জিলহজ মাসের প্রথম দশককে বুঝতেই পারি না। কিন্তু একজন মুসলিমের রমজানের পর জিলহজ মাসের প্রথম দশক হচ্ছে দ্বিতীয় বসন্ত।”
ভিডিও বার্তায় তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি আমলের প্রশংসাও করেন। তিনি বলেন, জিলহজ মাসের প্রথম দশকে অনেক দেশে বাড়ির বাইরে বিশেষ ডিভাইস লাগানো হয়, যেখান থেকে মৃদু স্বরে তাকবির প্রচার করা হয়। পথচারীরা সেই তাকবির শুনে জিলহজের প্রথম দশকের কথা স্মরণ করতে পারেন।
তিনি জানান, নিজ বাসা ও মসজিদেও তিনি এমন ডিভাইস স্থাপন করেছেন, যাতে মানুষ তাকবির শুনে এই বরকতময় সময়ের গুরুত্ব অনুভব করতে পারেন।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, আল্লাহ তাআলা সুরা ফাজরের দ্বিতীয় আয়াতে ‘দশ রাত’-এর কসম করেছেন। বহু মুফাসসিরের মতে, এই দশ রাত বলতে জিলহজ মাসের প্রথম ১০ রাতকেই বোঝানো হয়েছে। এর মাধ্যমেই এই সময়ের বিশেষ মর্যাদা স্পষ্ট হয়ে ওঠে।
তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, রাসুল (সা.) ঘোষণা করেছেন— জিলহজের প্রথম দশকের নেক আমল আল্লাহর কাছে বছরের অন্য যেকোনো সময়ের আমলের চেয়েও বেশি প্রিয়।
তিনি বলেন, “রাসুল (সা.) বলেছেন, এমন কোনো দিন নেই, যে দিনগুলোর নেক আমল আল্লাহর কাছে এই ১০ দিনের আমলের চেয়ে বেশি প্রিয়।”
ভিডিও বার্তায় তিনি আরও উল্লেখ করেন, সাহাবিরা তখন প্রশ্ন করেছিলেন— ‘আল্লাহর পথে জিহাদও কি নয়?’ উত্তরে রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর পথে জিহাদও নয়; তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের জান-মাল নিয়ে আল্লাহর পথে বের হয়েছে এবং কিছুই নিয়ে ফিরে আসেনি।’
