রুনা লায়লার কণ্ঠে প্রথম বাংলা গজল ‘অনায়াসে’, সঙ্গে বাপ্পা মজুমদার

প্রকাশ পেয়েছে গীতিকার গালিব হাসান (Galib Hasan)-এর লেখা এবং বাপ্পা মজুমদার (Bappa Mazumder)-এর সুর ও সংগীতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা (Runa Laila)-র গাওয়া প্রথম বাংলা গজল ‘অনায়াসে’।

মূলত এই গজলটি রুনা লায়লার একক কণ্ঠে গাওয়ার পরিকল্পনা ছিল। তবে গানটি শোনার পর তার আগ্রহেই এটি দ্বৈত গানে রূপ নেয়। পরে বাপ্পা মজুমদারও এতে কণ্ঠ দেন। ‘অনায়াসে’ গানটি বাপ্পা মজুমদার ও গালিব হাসানের ‘অনুভবে’ অ্যালবামের প্রথম বাংলা গজল।

গত ১৬ মে রাত ৯টায় বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। এর মিউজিক ভিডিওও নির্মাণ করেছেন বাপ্পা নিজেই।

গানটি প্রকাশ উপলক্ষে রাজধানীর বনানীর একটি ক্লাবে আয়োজন করা হয় বিশেষ প্রকাশনা অনুষ্ঠানের। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল (Konal)। অনুষ্ঠানের শুরুতে গীতিকার গালিব হাসান ‘অনায়াসে’ গজলটি নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন।

গানটি নিয়ে কথা বলতে গিয়ে বাপ্পা মজুমদার বলেন, “বাংলা এই গজল মূলত রুনা ম্যামের একারই গাওয়ার কথা ছিল। কিন্তু গজলটি শোনার পর তিনিই আমাকে তার সঙ্গে গাইতে বলেন। এটা যে আমার জন্য কতটা আনন্দের, তা ভাষায় প্রকাশ করা কঠিন। ছোটবেলা থেকে আমরা তার গান শুনে বড় হয়েছি। সেই গুণী শিল্পী আমার সুর ও সংগীতে গান করবেন—এটাই ছিল বিশাল প্রাপ্তি। কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়া আমার কাছে এখনো স্বপ্নের মতো।”

তিনি আরও বলেন, “রুনা ম্যাম যেভাবে আমাকে নিজের সঙ্গে রেখে আশীর্বাদের ছায়ায় টেনে নিয়েছেন, তা আমার সংগীতজীবনের অন্যতম বড় পাওয়া হয়ে থাকবে।”

অন্যদিকে রুনা লায়লা বলেন, “এই বাংলা গজলটি সত্যিই অপূর্ব লেখা ও সুর করা হয়েছে। বাপ্পা আমার খুব প্রিয় একজন শিল্পী ও সংগীত পরিচালক। তার বাবা-মাও ছিলেন অসাধারণ শিল্পী। তাদের প্রতি শ্রদ্ধা জানাই।”

তিনি আরও বলেন, “বাপ্পা তার পরিবার ও বাবা-মায়ের নাম আরও উজ্জ্বল করছে। কাজের ব্যাপারে তার ভীষণ খুঁতখুঁতে মনোভাব আছে, যা একজন সংগীত পরিচালকের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটি কাজ নিখুঁত করতে এমন মনোযোগ প্রয়োজন। অনেক শুভকামনা রইল বাপ্পা ও তার পরিবারের জন্য। আর ধন্যবাদ গালিব হাসানকে এত সুন্দর কথার জন্য। আশা করছি ‘অনায়াসে’ সবার ভালো লাগবে।”

উল্লেখ্য, গত ৪ মে দিল্লিতে অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত হন রুনা লায়লা। আগামী ঈদে বিটিভির জনপ্রিয় আয়োজন ‘আনন্দ মেলা’য়ও গান গাইতে দেখা যাবে তাকে।