প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (Dr. Zahed Ur Rahman) বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর অন্যতম কারণ ছিল তিনি “ইনসাফ করেন নাই”। তবে নতুন বাংলাদেশে ন্যায়বিচারই হবে প্রধান ভিত্তি, আর সেই ইনসাফ রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রুর প্রতিও প্রযোজ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয় (Bangladesh Secretariat)-এ সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে—তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে। এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে।”
শেখ হাসিনা (Sheikh Hasina) দেশে ফিরে এলে তার বিরুদ্ধে কোনও ধরনের ‘এক্সট্রা জুডিশিয়াল’ ব্যবস্থা নেওয়া হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
তার ভাষায়, “শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাকে কোনও এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কী? আমরা জুডিশিয়ালি করবো।”
তিনি বলেন, শেখ হাসিনার বিচার হয়েছে এবং তাকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি তিনি মৃত্যুদণ্ড থেকে মুক্তি পান, তাহলে সরকার সেটিও মেনে নেবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, “তাকে আবার ডিফেন্ড করতে দেওয়া হবে। তাতে তার মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ।”
তিনি আরও বলেন, “মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ—যদি সেটা সঠিক বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়।”
