ঝিনাইদহে মামলা না নেওয়ার অভিযোগে থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝিনাইদহে জুমার নামাজ শেষে হা’\মলার অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে মামলা গ্রহণ না করার প্রতিবাদে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwari)। শুক্রবার (২২ মে) ঝিনাইদহে হা’\মলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় গেলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তিনি।

নেতাকর্মীদের অভিযোগ, থানায় মামলা জমা দিলেও বিভিন্ন অজুহাতে পুলিশ সেটি গ্রহণ করছে না। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। মামলা গ্রহণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন উপস্থিত নেতাকর্মীরা।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন পাটওয়ারী। তিনি বলেন, থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে নাগরিকের আস্থা ও ন্যায়বিচারের প্রতিষ্ঠানে পরিণত করা প্রয়োজন। তার ভাষায়, দলদাসত্বের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, আইনমন্ত্রীর নিজ এলাকাতেই যদি আইনের শাসনের ঘাটতি দেখা যায়, তাহলে পরিবর্তনের সূচনা স্থানীয় পর্যায় থেকেই হওয়া উচিত।

মামলা গ্রহণ না করার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ঝিনাইদহ সদর থানা (Jhenaidah Sadar Police Station)-এর সামনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় তিনি থানাগুলো ও পুলিশ প্রশাসনের সংস্কারের দাবি জানিয়ে বলেন, দলীয় প্রভাবমুক্ত বিচারব্যবস্থা গড়ে তুলতে না পারলে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে না।