বাংলাদেশের পাসপোর্টে নতুনভাবে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন তুলে ধরার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। তিনি বলেছেন, ভবিষ্যতে পাসপোর্টের ভিসা পেইজগুলো এমনভাবে সাজানো হবে, যেখানে বাংলাদেশের প্রতিচ্ছবি ও সাংস্কৃতিক পরিচয় ফুটে উঠবে।
রোববার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্টের বিভিন্ন ভিসা পেইজে জাতীয় স্মৃতিসৌধসহ দেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উপাদান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “পাসপোর্টে জাতীয় স্মৃতিসৌধকে ধারণ করতে চাই। আমাদের ঐতিহ্য হিসেবে আরও অনেক বিষয় আছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের মুদ্রাতেও বীরশ্রেষ্ঠ (Bir Sreshtho)-দের ছবি দেখা যেতে পারে। যদিও এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নতুন পাসপোর্টে এমন কিছু ছবি ও প্রতীক রাখা হবে, যা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের মানুষের সাংস্কৃতিক চিন্তা ও ঐতিহ্যকে তুলে ধরবে।
তিনি বলেন, অতীতে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের প্রবণতা দেখা গেলেও বর্তমান উদ্যোগে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি রাখা হবে না। জাতীয় বিষয়গুলোকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে রাষ্ট্রীয় পরিচয়ের অংশ হিসেবেই তুলে ধরা হবে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সবকিছুতে রাজনীতিকরণ বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা—সেগুলো জাতীয় বিষয়গুলোতে থাকবে না। এটা আমাদের অঙ্গীকার।”
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (Bangladesh Secretariat Reporters Forum-বিএসআরএফ)-এর সভাপতি মাসউদুল হক (Masudul Haque)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ (Abdal Ahmed)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল (Ubaidullah Badal)।
