সালমান খান এবার ভিনদেশি থ্রিলারে, ‘সেভেন ডগস’ ঘিরে বাড়ছে আগ্রহ

বলিউড সুপারস্টার সালমান খান (Salman Khan) এবার অভিনয় করেছেন একটি ভিনদেশি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রে। আরবভিত্তিক সিনেমা সেভেন ডগস (Seven Dogs)-এ বিশেষ একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি মিশরে অনুষ্ঠিত হয়েছে ছবিটির প্রিমিয়ার, যা ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সিনেমাটিতে সালমান খানের অ্যাকশনধর্মী উপস্থিতির ঝলক এবং পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের আগ্রহ বাড়তে শুরু করেছে। বিশেষ করে তার উপস্থিতি ঘিরে ছবিটি নিয়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে।

প্রিমিয়ার অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে চলচ্চিত্রটির প্রধান অভিনয়শিল্পীরা উপস্থিত থাকলেও ভেন্যুর বিভিন্ন স্থানে থাকা সালমান খানের বড় আকৃতির পোস্টার সবার নজর কাড়ে।

অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক অতিথিকে সেই পোস্টারের সামনে ছবি ও সেলফি তুলতে দেখা যায়। ব্যস্ততার কারণে সালমান খান নিজে প্রিমিয়ারে উপস্থিত থাকতে না পারলেও পুরো আয়োজনজুড়ে তার জনপ্রিয়তার প্রভাব ছিল স্পষ্ট।

এদিকে সিনেমাটির একটি দৃশ্যে প্রধান অভিনেতা করিম আব্দেল আজিজ (Karim Abdel Aziz) এবং আহমেদ ইজ (Ahmed Ezz)-এর সঙ্গে সালমান খানের ইংরেজি সংলাপের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও প্রকাশের পর দর্শক ও অনুরাগীদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

‘সেভেন ডগস’ সিনেমাটিতে সালমান খান ছাড়াও আরও কয়েকজন আন্তর্জাতিক ও ভারতীয় তারকা অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। এছাড়া বিশ্বখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চি (Monica Bellucci)-ও এই চলচ্চিত্রের অংশ।