‘ভুল করলে জনগণ ক্ষমা করবে না’, সতর্কবার্তা মির্জা ফখরুলের

ভুল করলে জনগণ কাউকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি (Bangladesh Nationalist Party-BNP)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। তিনি বলেছেন, দেশের মানুষ এখন অনেক সচেতন, তারা সবকিছু বোঝেন এবং সবকিছুর হিসাব রাখেন।

শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (Institution of Engineers Bangladesh-আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝেন, সবকিছু জানেন। তারা কাউকে ক্ষমাও করে না। আমাদের যে ছেলেরা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দিই। আমাদের কারণে কখনো যেন তা ক্ষতিগ্রস্ত না হয়।’

তিনি প্রকৌশলীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আপনাদের প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক। তারা প্রত্যাশা করে, আপনারা যে পরিকল্পনা করবেন, যে কাজ করবেন তা যেন জনশক্তির কাজে লাগে। নিঃসন্দেহে আপনারা বাংলাদেশের অগ্রগতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।’

বিগত সরকারের আমলে দুর্নীতির প্রসঙ্গ টেনে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পিরোজপুর জেলায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। সেটা এলজিইডি ডিপার্টমেন্ট থেকেই হয়েছে। এ বিষয়গুলোর দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেবেন।’

তিনি আরও বলেন, ‘আজকে নতুন যে সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই সূর্যোদয়ের আলোয় আলোকিত হই। বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি করি, যাতে আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যানস প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, আইইবি দীর্ঘদিন ধরে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠান দল-মত নির্বিশেষে সব প্রকৌশলীকে একত্রিত করে দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ প্রকৌশলী সমাজ গড়ে তোলার মাধ্যমে আইইবি দেশের অগ্রযাত্রায় ধারাবাহিক অবদান রেখে চলেছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী।

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।