প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে তারেক রহমান, ‘নাহিদের বিদেশনীতি অনুসরণ’ দাবি এনসিপি নেত্রীর

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার (Malaysia) উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)।

রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশের (Biman Bangladesh Airlines) একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর।

এদিকে তারেক রহমানের এই সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে ভিন্নধর্মী মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party) যুগ্ম আহ্বায়ক এবং ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন। তার দাবি, প্রধানমন্ত্রী এই সফরের মধ্য দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের (Nahid Islam) ‘বিদেশনীতি’ অনুসরণ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মনিরা শারমিন (Monira Sharmin) এমন মন্তব্য করেন।

তিনি লিখেছেন, “নাহিদ ইসলাম যেন সবকিছুতেই এ জাতির কাণ্ডারি হয়ে উঠছেন। প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, দ্বিতীয় সফর চীনে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন, মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছেন।”

তবে নাহিদ ইসলামের কথিত ‘বিদেশনীতি’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে ফেসবুক পোস্টে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি মনিরা শারমিন।