সৌদি প্রবাসীদের সাদা কাগজে সই বা টিপসই না দেওয়ার সতর্কতা বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরব (Saudi Arabia)-এ অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস (Embassy of Bangladesh)। বুধবার দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামান (Md. Mehbub Zaman)-এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধ কিংবা নির্দেশনায় সাদা কাগজে কোনো ধরনের স্বাক্ষর বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সৌদি আরবে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।

দূতাবাস জানিয়েছে, অসতর্কতাবশত সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দিলে অসাধু ব্যক্তি কিংবা চক্র সেটি ব্যবহার করে আর্থিক প্রতারণা, জাল দলিলপত্র তৈরি, অবৈধ লেনদেন বা অন্যান্য অ’\পরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে।

এ ধরনের ঘটনার সঙ্গে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়লে সংশ্লিষ্ট প্রবাসী ফৌ’\জদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত শাস্তির মুখোমুখি হতে পারেন বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এ অবস্থায় কোনো লিখিত কাগজপত্র বা নথিতে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে সেটির বিষয়বস্তু সম্পূর্ণভাবে বুঝে নেওয়া এবং যথাযথভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে অনুরোধ করা হয়েছে।