লস অ্যাঞ্জেলেসে ইতিহাস গড়ল শাহরুখ খানের নাইট রাইডার্স, উদ্বোধন হলো নিজস্ব আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সিনেমার পর্দা থেকে ক্রিকেটের বাইশ গজ—দুই অঙ্গনেই নিজের প্রভাবের ছাপ রেখে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার তার মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ ক্রিকেট বিশ্বে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো নিজ দেশের বাইরে আন্তর্জাতিক মানের নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার মাধ্যমে নতুন ইতিহাস গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস (Los Angeles)-এ নির্মিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এ মেজর লিগ ক্রিকেটের (MLC) ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল ওয়াশিংটন ফ্রিডম।

স্টেডিয়াম উদ্বোধনের পর নিজের অনুভূতি প্রকাশ করে শাহরুখ খান বলেন, ‘যা একসময় শুধুই স্বপ্ন ছিল, আজ সেটিই বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসতে পারা আমাদের জন্য সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি এই অংশীদারত্ব শুধু একটি ক্রিকেট ভেন্যু নির্মাণ করেনি, বরং এমন একটি জায়গা তৈরি করেছে, যেখানে কমিউনিটি, আনন্দ, বিনোদন এবং একসঙ্গে থাকার অনুভূতি বিকশিত হবে।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু ক্রিকেট খেলার একটি মাঠ নয়। এটি এমন একটি জায়গা, যেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটানো যাবে। আমরা চাই, এই ভেন্যু লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানায় পরিণত হোক এবং নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি আরও বেশি আকৃষ্ট করুক।’

আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত এই স্টেডিয়ামে রয়েছে আটটি ম্যাচ উইকেট, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council)-এর অনুমোদিত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি অপসারণ করা হয়েছে।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোর (Venky Mysore) বলেন, ‘এটি কেবল একটি স্টেডিয়াম নয়, বরং ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করা প্রথম বৈশ্বিক ক্রিকেট ব্র্যান্ড হিসেবে এটি আমাদের জন্য গর্বের এক অনন্য মাইলফলক।’

উদ্বোধনী ম্যাচে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ তারকা মেটা ওয়ার্ল্ড পিস (Meta World Peace)। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে তার উপস্থিতিকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি এখন পর্যন্ত নয়টি বড় শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছে।