রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে বিশৃঙ্খলা, ভিড়ের চাপে অস্বস্তিতে আরিয়ান খান

বলিউডের কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়াল (Raghav Juyal)-এর জন্মদিনের পার্টিতে আনন্দঘন পরিবেশের বদলে তৈরি হয় চরম বিশৃঙ্খল পরিস্থিতি। অতিরিক্ত ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান (Aryan Khan)। এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে বেশ বেগ পেতে হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরিস্থিতি একপর্যায়ে এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ তারকা-অতিথিই নির্ধারিত সময়ের আগেই পার্টি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুলাই বান্দ্রা (Bandra)-র একটি অভিজাত রেস্তরাঁয় নিজের জন্মদিন উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছিলেন রাঘব জুয়াল। সেখানে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক আরিয়ান খান, অভিনেতা ববি দেওল (Bobby Deol)-সহ বলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ। শুরুতে অনুষ্ঠান স্বাভাবিকভাবেই এগোলেও শেষ পর্যন্ত উৎসবের আমেজ ম্লান হয়ে যায়।

বলিউডের একটি সূত্রের দাবি, পার্টির আগে এক প্রভাবশালী রাজনীতিক ও সমাজকর্মীর পক্ষ থেকে রাঘবের কাছে যৌথভাবে জন্মদিন উদ্‌যাপনের প্রস্তাব আসে। একই দিনে দু’জনের জন্মদিন হওয়ায় রাঘব সেই প্রস্তাবে সম্মতি দেন। যদিও অতিথিদের জন্য পৃথক নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, কিন্তু একই অনুষ্ঠানে দুই পক্ষের অতিথিদের উপস্থিতিই পরে সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

রাঘবের আমন্ত্রিত তারকারা ব্যক্তিগত পরিসরে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে চাইলেও অপর পক্ষের বহু অতিথি তাদের সঙ্গে ছবি ও সেলফি তোলার জন্য উৎসাহী হয়ে ওঠেন।

আরিয়ান খান ও ববি দেওল অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই তাদের ঘিরে ভিড় জমে যায়। এরপর অনেকেই অনুমতি ছাড়াই পার্টির ভেতরে প্রবেশ করে সেলফি তোলার চেষ্টা শুরু করেন। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি দমবন্ধ করা অবস্থায় পৌঁছে যায়।

সূত্রের দাবি, ভিড়ের মধ্যেও আরিয়ান খান শুধু নিজের নিরাপত্তা নয়, আশপাশের অন্য কেউ যাতে বিপদে না পড়েন, সেদিকেও নজর রাখছিলেন। তবে এমন বিশৃঙ্খলার জন্য তিনি বা উপস্থিত অন্য কোনও তারকাই প্রস্তুত ছিলেন না।

এক অতিথির ভাষায়, “এমন পরিস্থিতির কথা আমরা ভাবতেই পারিনি। রাঘব খুব ভালো ছেলে, ওর সঙ্গে সময় কাটাতে সব সময়ই ভালো লাগে। কিন্তু এই পার্টিতে আনন্দের চেয়ে অস্বস্তিই বেশি ছিল।”

ঘটনার পর এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রাঘব জুয়াল। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে তাকেও স্পষ্টভাবে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন রাঘব জুয়াল। ‘কিল’ ও ‘ব্যাড্‌স অফ বলিউড’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছে। আগামী দিনে তাকে কিং (King) ছবিতেও দেখা যাবে। শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত এই ছবিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। আরিয়ান খানের সঙ্গে রাঘবের ঘনিষ্ঠ বন্ধুত্বও বলিউডে সুপরিচিত।