এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah)। এনসিপি (National Citizen Party-NCP)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য দাবি করেন, ৫ আগস্ট ছাত্রদের আন্দোলনের কারণেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এনসিপির পদযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব বক্তব্য দেন।
শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘৫ আগস্ট এই ফার্মের মুরগির ছাত্ররাই রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন আজ শিক্ষামন্ত্রী, সালাহউদ্দিন আহমদ শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন। এই ছাত্ররা মাঠে না নামলে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় রাজপথে রিকশা চালাত। তারেক রহমান লন্ডন থেকে এসে সরকার গঠন করতে পারতেন না।’
সমাবেশে তিনি দেশের বন্যা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন। তার ভাষ্য, চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা এখনো পানির নিচে রয়েছে। সাত দিন ধরে বহু মানুষ পানিবন্দি থাকলেও সরকার তাদের কাছে পর্যাপ্ত খাদ্যসহায়তা পৌঁছে দিতে পারেনি।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, সরকারের বরাদ্দ হিসেবে মাথাপিছু ৩০ টাকারও কম সহায়তা নির্ধারণ করা হয়েছে। তার অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম থেকে সরকার বিপুল রাজস্ব আদায় করলেও বন্যাকবলিত মানুষের জন্য বরাদ্দ অত্যন্ত অপ্রতুল।
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতির মধ্যেই পার্বত্য অঞ্চলের একজন মন্ত্রী সৌদি আরবে হজে গেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) বিভিন্ন জেলা সফর করলেও চট্টগ্রামের দুর্গত মানুষের কাছে যাননি।
বিএনপি সরকারের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি সরকারের কাছে হাসিনার প্রশাসন ভালো লাগে, হাসিনার কেবিনেট ভালো লাগে, হাসিনার ব্যবসায়ীরা ভালো লাগে— শুধু ভালো লাগে না শেখ হাসিনাকে।’
তিনি আরও বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed) বলেছেন, সংবিধানে সংবিধান সংস্কার কমিটি বলে কিছু নেই। এর জবাবে হাসনাতের দাবি, যদি সংবিধান সংস্কারের সুযোগ না-ই থাকে, তাহলে ২০২৬ সালের নির্বাচনও সংবিধান অনুযায়ী হওয়ার কথা নয়। তার ভাষায়, সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না। তার দাবি, দেশের ৭৫ শতাংশ মানুষ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছেন, কিন্তু সরকার সেই রায় বাস্তবায়ন করছে না।
সমাবেশে কেন্দ্রীয় যুব শক্তির সহ-সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জোনায়েদ, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের আহমেদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।
এর আগে সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
