ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র একটি ইনস্টাগ্রাম (Instagram) রিল প্রথম ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউ পাওয়ার নতুন বিশ্বরেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত ৪০ সেকেন্ডের ভিডিওটি প্রথম ২৪ ঘণ্টায় ৩০ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে। বর্তমানে রিলটির ভিউ প্রায় ৩৩ কোটিতে পৌঁছেছে।
এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কোটি ভিউয়ের রেকর্ড ছিল জনপ্রিয় মার্কিন ইউটিউবার আইশোস্পিড (IShowSpeed)-এর একটি রিলের দখলে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস (BTS)-এর সদস্যদের সঙ্গে দেখা করার সেই ভিডিওটি প্রথম ২৪ ঘণ্টায় ৩০ কোটি ভিউ অর্জন করেছিল।
নতুন রেকর্ড গড়া ভিডিওটি প্রকাশের পর নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ নতুন অনুসারী যুক্ত হয়েছেন।
ভারতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে ভিডিওটি প্রকাশ করেন মোদি। সংক্ষিপ্ত সেলফি ভিডিওতে তিনি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।
ভিডিওতে তিনি জানান, শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য ইতোমধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার আদালত এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের কথাও তুলে ধরেন।
বিশ্লেষকদের মতে, আন্দোলনরত জেন-জি প্রজন্মের সঙ্গে আরও কার্যকরভাবে সংযোগ স্থাপনের লক্ষ্যেই ভিডিওটিতে অনানুষ্ঠানিক ও সহজ ভাষা ব্যবহার করেছেন মোদি। এছাড়া মধ্যরাতে ভিডিও প্রকাশের সময় নির্ধারণও এমনভাবে করা হয়েছিল, যখন তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা তুলনামূলক বেশি থাকে।
রিলটি ব্যাপক সাড়া পাওয়ার ২৪ ঘণ্টা পর আবারও ইনস্টাগ্রামে হাজির হন নরেন্দ্র মোদি। মাত্র ২৪ সেকেন্ডের আরেকটি ভিডিওতে তিনি যুবসমাজকে সমর্থন, ইতিবাচক মতামত এবং গঠনমূলক পরামর্শের জন্য ধন্যবাদ জানান।


