সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের গ্যালারিতে বাবার ছবির সামনে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। রোববার (২৬ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন তিনি। উদ্বোধনের পর সেনাবাহিনীর সাবেক প্রধানদের ছবির গ্যালারি পরিদর্শনের সময় একপর্যায়ে বাবার ছবি সামনে দেখে কিছুক্ষণ থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সেনাবাহিনীর সাবেক প্রধানদের প্রতিকৃতি প্রদর্শনীর গ্যালারি ঘুরে দেখেন। সেখানে জেনারেল এম. এ. জি. ওসমানী (General M. A. G. Osmani), জেনারেল জিয়াউর রহমান (General Ziaur Rahman), লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদসহ মোট ১২ জন সাবেক সেনাপ্রধানের ছবি প্রদর্শিত ছিল। গ্যালারি পরিদর্শনের সময় জিয়াউর রহমানের প্রতিকৃতির সামনে এসে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন এবং একটি সুসংগঠিত বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর বীর সদস্য এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের ত্যাগের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক বিবেচনার কোনো স্থান থাকা উচিত নয়। তিনি বলেন, পদোন্নতির ক্ষেত্রে মেধা, পেশাগত দক্ষতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি এবং সামরিক শৃঙ্খলাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রেও সেনাবাহিনী ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ সময় তিনি সেনাবাহিনী প্রধানসহ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে সকালে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান।