প্রায় দুই দশক পর কলকাতায় তসলিমা নাসরিন, প্রত্যাবর্তন ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক

‘দ্বিখণ্ডিত’ বইকে ঘিরে প্রতিবাদ ও বিতর্কের জেরে দেশ ছাড়তে বাধ্য হওয়ার প্রায় দুই দশক পর শুক্রবার (৩১ জুলাই) পশ্চিমবঙ্গের কলকাতায় ফিরেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhas Chandra Bose International Airport)-এ পৌঁছে ৬৩ বছর বয়সী এই লেখিকা জানান, বহুদিন পর এই শহরে ফিরে তাঁর খুব ভালো লাগছে।

২০০৭ সালে তাঁর আত্মজীবনী ‘দ্বিখণ্ডিত’ ঘিরে ব্যাপক বিক্ষোভের পর এটিই কলকাতায় তাঁর প্রথম প্রকাশ্য উপস্থিতি। এর আগে ২০০৩ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তৎকালীন সিপিএম নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার বইটি নিষিদ্ধ করেছিল।

বর্তমানে দীর্ঘমেয়াদি আবাসনের অনুমতি নিয়ে দিল্লিতে বসবাস করছেন তসলিমা নাসরিন। শনিবার তিনি রবীন্দ্র সদন (Rabindra Sadan)-এ মৌলবাদবিরোধী একটি অনুষ্ঠানে অংশ নেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)-এর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবর্ধনা গ্রহণের পর তসলিমা নাসরিন তাঁর কয়েকটি কবিতা আবৃত্তি করবেন এবং উপস্থিতদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেবেন। এর আগে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রত্যাবর্তনকে ‘ব্যক্তিগতভাবে ঘরে ফেরা’ বলে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, তিনি কখনোই স্বেচ্ছায় কলকাতা ছাড়েননি; তৎকালীন সরকার তাঁকে চলে যেতে বাধ্য করেছিল এবং তিনি বিশ্বাস করতেন, একদিন আবার এই শহরে ফিরতে পারবেন।

তবে তাঁর এই সফর ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নতুন বিতর্ক। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান অভিযোগ করেছেন, লেখিকা প্রায়ই মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দেন বলেই রাজ্য সরকার তাঁকে স্বাগত জানাচ্ছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পল তসলিমা নাসরিনের আগমনকে স্বাগত জানিয়ে বলেন, আগের সরকারের সময় মৌলবাদীদের তুষ্ট করতে গিয়ে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। বর্তমান পরিস্থিতিতে তসলিমা নাসরিনের কলকাতায় ফিরে আসাকে তিনি রাজ্যবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয় বলে মন্তব্য করেন।

সূত্র: এনডিটিভি