লন্ডনে ভিনি তকিয়ারের সঙ্গে আরিয়ান খান, ফের প্রেমের গুঞ্জন

বলিউড বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)-এর বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan) আবারও প্রেমের গুঞ্জন ঘিরে আলোচনায় উঠে এসেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে (London) প্রখ্যাত ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ভিনি তকিয়ার (Vini Takiyar)-এর সঙ্গে তাকে দেখা গেছে। এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনো থেকে আরিয়ান ও ভিনি একসঙ্গে বেরিয়ে আসছেন। তবে তাদের মধ্যে সম্পর্কের ধরন কী, সে বিষয়ে আরিয়ান কিংবা ভিনি—কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ছড়িয়ে পড়া দৃশ্যের ‘রহস্যময়ী’ নারীকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাই ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ভিনি তকিয়ার হিসেবে শনাক্ত করেছেন। ছবিতে দুজনকেই মিল রেখে অল-ব্ল্যাক, অর্থাৎ পুরো কালো পোশাকে দেখা যায়। আরিয়ানের পরনে ছিল ক্যাজুয়াল কালো টি-শার্ট ও ট্রাউজার। পোশাকের এই মিলও ভক্তদের নজর এড়ায়নি।

মূলত লন্ডন সফরের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর ভিনিকে ঘিরে আলোচনা আরও বাড়তে থাকে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘লন্ডন, আই লাভ ইউ’। এর পরপরই আরিয়ানের সঙ্গে তাকে দেখা যাওয়ার বিষয়টি সামনে আসে এবং প্রেমের গুঞ্জনের পারদ দ্রুত চড়তে শুরু করে।

অনলাইন ভক্তদের নজরে এসেছে আরও একটি বিষয়। ইনস্টাগ্রামে আরিয়ান ও ভিনি একে অপরকে ফলো করেন। এই তথ্য সামনে আসার পর তাদের সম্পর্ক নিয়ে চলমান জল্পনা আরও উসকে গেছে। যদিও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে, তবু এখনো কোনো পক্ষই এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেনি।

তবে আরিয়ান খানকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসি (Larissa Bonesi)-র সঙ্গে তার প্রেমের খবর ছড়িয়ে পড়েছিল।

আরিয়ানের লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড ডিয়াভোল এক্স (D’YAVOL X)-এর বিজ্ঞাপনী প্রচারণায় লারিসাকে দেখা গিয়েছিল। এ ছাড়া আরিয়ানের পরিচালনায় নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর প্রিমিয়ারেও লারিসার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল।

তবে ভিনি তকিয়ারকে ঘিরে বর্তমান জল্পনার মতো লারিসা বোনেসির সঙ্গে সম্পর্কের সেই গুঞ্জনও কখনো আরিয়ান বা লারিসা—কেউই প্রকাশ্যে স্বীকার করেননি। ফলে আগেরবারের মতো এবারও ভক্তদের আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানা ইঙ্গিতের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে আরিয়ান খানের কথিত প্রেমের খবর।