স্পট বাজারে উচ্চমূল্যে এলএনজি কিনছে সরকার, কমদামের দীর্ঘমেয়াদি সরবরাহ নিয়ে উঠছে প্রশ্ন

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যেই সরকার ১৫–১৬ আগস্ট ডেলিভারির জন্য আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি ভিটল (Vitol) থেকে একটি স্পট এলএনজি কার্গো কেনার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কার্গোটির মূল্য প্রতি এমএমবিটিইউ ২২.৩৫ মার্কিন ডলার, যার মোট মূল্য প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে জ্বালানি খাতসংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, যখন সরকার স্পট বাজার থেকে তুলনামূলক উচ্চমূল্যে এলএনজি আমদানি করছে, তখন কম দামে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ নিশ্চিত করার সম্ভাবনা কেন বাস্তবায়ন করা হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সামিট অয়েল অ্যান্ড শিপিং (Summit Oil & Shipping) পূর্বে চুক্তিবদ্ধ দীর্ঘমেয়াদি ব্যবস্থার আওতায় প্রতি এমএমবিটিইউ প্রায় ১১.৫ মার্কিন ডলার দরে এলএনজি সরবরাহে প্রস্তুত রয়েছে। কোম্পানিটির দাবি, তাদের সরবরাহের পথ বন্ধ থাকায় রাষ্ট্রকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি দামে স্পট এলএনজি কিনতে হচ্ছে, যার ফলে বৈদেশিক মুদ্রার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, যদি কমমূল্যের দীর্ঘমেয়াদি সরবরাহ কার্যকর করার সুযোগ থাকে, তাহলে ব্যয়বহুল স্পট আমদানির ওপর নির্ভরতা দেশের জন্য অপ্রয়োজনীয় আর্থিক বোঝা তৈরি করতে পারে। তাদের ভাষ্য, চুক্তি-সংক্রান্ত বিরোধ থাকলে তা আদালত বা পারস্পরিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব। তবে জাতীয় স্বার্থে সর্বনিম্ন ব্যয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।