রাজনীতির ব্যস্ততা পেছনে ফেলে ব্যক্তিগত জীবনে প্রেমের নতুন অধ্যায় শুরু করেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। প্রেমিকা ও পপ তারকা কেটি পেরি (Katy Perry)-কে ঘিরেই এখন তার যত ব্যস্ততা। বিভিন্ন স্থানে দুজনকে একান্ত ও ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে। তাদের এই সম্পর্কও ক্রমেই প্রকাশ্য হয়ে উঠছে।
নিজের দেশ কানাডা (Canada) যেদিন বিশ্বকাপের ম্যাচ খেলছিল, সেদিনও কেটি পেরির পরিবেশনা উপভোগ করতে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের একটি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ট্রুডো। এরপর সেখানেও কেটির সঙ্গে তাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। রাজনৈতিক অঙ্গন থেকে সরে আসার পর সাবেক এই প্রধানমন্ত্রীর এমন প্রেমময় উপস্থিতি স্বাভাবিকভাবেই নানা মহলের নজর কেড়েছে।
তবে এবার আগের সব আলোচনাকে ছাপিয়ে শিরোনামে এসেছে তাদের প্রেমের আরও ঘনিষ্ঠ এক অধ্যায়। ফ্রান্সের সাঁ-ত্রোপেজ (Saint-Tropez) সমুদ্রসৈকতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে ট্রুডো ও কেটি পেরিকে। কখনো তারা হাতে হাত রেখে হেঁটেছেন, কখনো নেমেছেন জলকেলিতে। একপর্যায়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুম্বন করতেও দেখা যায় তাদের।
দুজনের এমন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামনে আসার পর বিষয়টি নিয়ে সরব হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফ্রান্সের সাঁ-ত্রোপেজের সমুদ্রসৈকতে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গেছে। গত বৃহস্পতিবার তারা হাত ধরাধরি করে সৈকতে হাঁটেন এবং একে অপরকে চুম্বন করেন।
প্রকাশ্যে আসা এই দৃশ্য তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতির পরিচিত মঞ্চের বাইরে ট্রুডোর এমন ব্যক্তিগত উপস্থিতি যেমন কৌতূহল তৈরি করেছে, তেমনি আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত তারকা কেটি পেরির নতুন সম্পর্কও ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।
৪১ বছর বয়সী কেটি পেরি সেদিন ক্রিম রঙের স্ট্র্যাপলেস এক-পিস সুইমস্যুট পরেছিলেন। সঙ্গে ছিল ট্যান রঙের বাকেট হ্যাট ও ক্যাট-আই সানগ্লাস। গ্রীষ্মকালীন সেই সাজে সমুদ্রসৈকতে নজর কাড়েন তিনি। অন্যদিকে, ৫৪ বছর বয়সী জাস্টিন ট্রুডোর পরনে ছিল সাদা বর্ডারযুক্ত নেভি-নীল রঙের সুইমিং শর্টস।
দুজনের প্রেমের গুঞ্জন প্রথম ছড়িয়ে পড়ে ২০২৫ সালের জুলাইয়ে। একই বছরের ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন তারা। এরপর ২০২৬ সালের জুনে ট্রাইবেকা ফেস্টিভ্যালে ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর—লাইভ ফ্রম প্যারিস’ চলচ্চিত্রের প্রিমিয়ারে প্রথমবারের মতো জুটি হিসেবে একসঙ্গে লালগালিচায় হাজির হন ট্রুডো ও কেটি।
সেই অনুষ্ঠানে নিজের বর্তমান জীবন ও সম্পর্ক নিয়েও কথা বলেন কেটি পেরি। তিনি জানান, জীবনের বিভিন্ন ক্ষেত্রে এখন আগের তুলনায় অনেক বেশি স্থিরতা অনুভব করছেন। নিজের সম্পর্ক নিয়েও তিনি অত্যন্ত সুখী। কেটির ভাষায়, ভালোবাসার বন্ধনে তিনি এখন গভীরভাবে আবদ্ধ।
এর আগে অভিনেতা অরল্যান্ডো ব্লুম (Orlando Bloom)-এর সঙ্গে কেটি পেরির দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ২০১৬ সালে শুরু হওয়া সেই সম্পর্কের ধারাবাহিকতায় ২০১৯ সালে তারা বাগদান করেন। তাদের ডেইজি নামের একটি কন্যাসন্তানও রয়েছে।
তবে দীর্ঘ সম্পর্কের পর ২০২৫ সালের জুলাইয়ে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন কেটি ও অরল্যান্ডো। সে সময় তারা জানান, সম্পর্কের সমাপ্তি ঘটলেও কন্যাসন্তানের যৌথ অভিভাবকত্বই তাদের প্রধান অগ্রাধিকার থাকবে।
অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০১৫ সাল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো (Sophie Grégoire Trudeau)-এর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। সাবেক এই দম্পতির তিন সন্তান রয়েছে।
ট্রুডোর বড় ছেলে জেভিয়ারও সম্প্রতি একটি পডকাস্টে কেটি পেরির প্রশংসা করেছেন। তিনি জানান, নিজের লেখা গান নিয়ে প্রায়ই কেটির পরামর্শ নেন। কেটিও আন্তরিকভাবে সেসব গান শোনেন এবং নিজের মতামত দেন। জেভিয়ারের মতে, তার বাবাকে সুখী অবস্থায় দেখতে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


