মির্জা ফখরুলকে নিয়ে পাটওয়ারীর মন্তব্য, ‘চিকিৎসা দরকার’ বললেন প্রিন্স মাহমুদ

বিএনপির (Bangladesh Nationalist Party) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে (Mirza Fakhrul Islam Alamgir) নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক মন্তব্যের জেরে তার কড়া সমালোচনা করেছেন খ্যাতিমান গীতিকবি, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ (Prince Mahmud)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর (Nasiruddin Patwary) ‘চিকিৎসা দরকার’।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা ওই স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ লেখেন, ‘মির্জা ফখরুল কী যোগ্যতা রাখেন বা না রাখেন, নাসিরুদ্দীন পাটোয়ারীর মতো একটা “লম্বকর্ণ চতুষ্পদ বিশেষের” কাছ থেকে শুনতে হবে না। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতার কারণে প্রায়শ বিভ্রান্ত হয়ে আজেবাজে বকা, অস্বাভাবিক আচরণ করা এই ছেলের অভ্যাসে পরিণত হয়েছে; প্রতিটি বক্তব্যই শুরু হয় ব্যক্তি আ’\ক্রমণ দিয়ে। ভুলে যায়, রাজনীতিতে শিষ্টাচার থাকা কতটা জরুরি। কেউই অহংকারী আর বেয়াদব পছন্দ করে না। সত্যিকার অর্থে না চাইতেই প্রচুর প্রাপ্তিযোগ এই ছেলের মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। নিজেকে সামলাতে পারছে না। শারীরিক অবস্থা জরুরি চিকিৎসাকেন্দ্রিক পর্যায়ে আছে। চিকিৎসা দরকার।’

প্রিন্স মাহমুদের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই তার বক্তব্য ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা।

সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দেয়। সেই বিতর্কের মধ্যেই সামনে এলো প্রিন্স মাহমুদের এই কড়া প্রতিক্রিয়া।

তবে প্রিন্স মাহমুদের স্ট্যাটাসের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী কিংবা সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।