শাকিবের অনুরোধে সিনেমায় ফিরতে রাজি ববিতা, তবে দিলেন বিশেষ শর্ত

জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা (Bobita)। সেই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র (United States) থেকে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান (Shakib Khan)। দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও সিনেমায় ফেরার অনুরোধ জানান শাকিব। তার সেই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে কাজ করার আশ্বাস দেন ববিতা, তবে সঙ্গে জুড়ে দেন একটি শর্তও।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে ফোনে অনুষ্ঠানে যুক্ত হয়ে শুরুতেই ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। এরপর আলাপচারিতার একপর্যায়ে উঠে আসে দীর্ঘদিন ধরে ববিতার চলচ্চিত্র থেকে দূরে থাকার প্রসঙ্গ। তখন কিংবদন্তি এই অভিনেত্রীকে আবারও অভিনয়ে ফেরার আহ্বান জানান শাকিব।

ববিতার প্রতি অনুরোধ জানিয়ে শাকিব বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’

শাকিবের এমন আন্তরিক অনুরোধের জবাবে ববিতা জানান, দীর্ঘদিন ধরে মনের মতো গল্প ও শক্তিশালী চরিত্র না পাওয়ার কারণেই তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন না। কেবল পর্দায় ফেরার জন্য নয়, অর্থবহ গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলেই আবারও অভিনয়ের কথা ভাববেন তিনি।

শাকিবকে উদ্দেশ করে ববিতা বলেন, ‘আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমায়, তোমার সঙ্গে ছবি করব।’

ববিতার এই কথায় স্পষ্ট হয়ে ওঠে, উপযুক্ত গল্প ও চরিত্র পেলে শাকিব খানের সঙ্গে আবারও পর্দায় দেখা যেতে পারে তাকে। তবে সেই প্রত্যাবর্তনের জন্য গল্পে দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অভিনয়ের সুযোগ থাকতে হবে—এমন শর্তই সামনে রেখেছেন তিনি।

বিশেষ এই অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক কাজগুলোরও প্রশংসা করেন ববিতা। দীর্ঘদিনের সহশিল্পী হিসেবে শাকিবের কাজ ও চলচ্চিত্রের প্রতি তার নিবেদন নিয়ে ইতিবাচক মন্তব্য করেন এই কিংবদন্তি অভিনেত্রী।

ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান এর আগেও একসঙ্গে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জি’\হাদ’ ছবিগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ফলে নতুন কোনো গল্পে দুই তারকার পুনর্মিলনের সম্ভাবনা স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে।