বিরাট কোহলিকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে মূল্যবান তারকা ব্র্যান্ড শাহরুখ খান

ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে আবারও ভারতের সবচেয়ে মূল্যবান তারকা ব্র্যান্ডের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত ‘ক্রোল ইন্ডিয়া সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’-এ উঠে এসেছে এই তথ্য। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা শাহরুখ খান বড় পর্দায় সফল প্রত্যাবর্তন এবং বিজ্ঞাপনদাতাদের কাছে অব্যাহত চাহিদার সুবাদে এবার শীর্ষস্থান দখল করেছেন। বর্তমানে তার ব্র্যান্ড মূল্য ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার বা ১৭৭.৯ মিলিয়ন ডলার।

শীর্ষস্থান ঘিরে এবার তালিকায় বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। গত দুই বছরে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য বেড়েছে ৫ কোটি ৭২ লাখ ডলার। অন্যদিকে গতবার শীর্ষে থাকা ক্রিকেট তারকা বিরাট কোহলির ব্র্যান্ড মূল্য কমেছে ৬ কোটি ৯৫ লাখ ডলার। ফলে ১৫৮.৪ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তিনি নেমে গেছেন তৃতীয় স্থানে।

শাহরুখের পর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রণবীর সিং। তার ব্র্যান্ড মূল্যও ১৭৭.৯ মিলিয়ন ডলার। আর ১৫৮.৪ মিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আছেন বিরাট কোহলি।

নারী তারকাদের মধ্যে সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসেবে শীর্ষে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার বর্তমান ব্র্যান্ড মূল্য ৯৩.৯ মিলিয়ন ডলার এবং সামগ্রিক তালিকায় তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে।

শীর্ষ দশে থাকা অন্য তারকারা হলেন দীপিকা পাডুকোন, হৃতিক রোশন, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার। তাদের ব্র্যান্ড মূল্য যথাক্রমে ৮৯.২ মিলিয়ন, ৮৮.৯ মিলিয়ন, ৮০.৮ মিলিয়ন এবং ৮০.০ মিলিয়ন ডলার।

শীর্ষ দশের বাইরে থাকা তারকাদের মধ্যে ১২তম স্থানে রয়েছেন রণবীর কাপুর এবং ১৩তম স্থানে আছেন সালমান খান। অর্থাৎ বড় তারকাদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের বাণিজ্যিক প্রভাবও এবারের তালিকায় স্পষ্টভাবে ধরা পড়েছে।

তরুণ তারকাদের মধ্যে অনন্যা পান্ডে ১৯তম, জাহ্নবী কাপুর ২৩তম এবং শ্রদ্ধা কাপুর ২৪তম অবস্থান দখল করেছেন। তাদের অবস্থানও ভারতীয় বিনোদন অঙ্গনে নতুন প্রজন্মের তারকাদের ক্রমবর্ধমান বাণিজ্যিক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।

মূলত তারকাদের ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্ট চুক্তি, স্পন্সরশিপ, গণমাধ্যমে উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিশ্লেষণ করেই এই বাণিজ্যিক মূল্যায়ন বা র‌্যাংকিং তৈরি করা হয়েছে। সেই হিসাবেই বিরাট কোহলিকে পেছনে ফেলে আবারও শীর্ষে ফিরেছেন শাহরুখ খান। তার এই প্রত্যাবর্তন ভারতীয় বিনোদন ও বিজ্ঞাপন জগতে এখনো তার প্রভাব কতটা শক্তিশালী, সেটিই নতুন করে তুলে ধরেছে।