ভারতের (India) উত্তরপ্রদেশ সরকার সরকারিভাবে গোমূত্র কেনা শুরু করেছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলান্দশ্বর জেলায় পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে প্রতি লিটার গোমূত্র কেনা হচ্ছে ১০ রুপিতে। পাইলট প্রকল্পটি সফল হলে এর পরিধি আরও বাড়ানো হবে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দরে কেনার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের।
আজ বুধবার এক প্রতিবেদনে ভারতের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, যেসব গরু আর দুধ দেয় না, সেগুলোকে যেন মালিকরা ছেড়ে না দেন। কারণ ছেড়ে দেওয়া হলে এসব গরু খাবারের সংকটে পড়ে এবং কষ্টে থাকে।
উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের লক্ষ্য, গোমূত্র কেনার মাধ্যমে দুধ না দেওয়া গরুগুলোও যেন মালিকদের কাছেই থাকে। সরকারের ধারণা, এসব গরুর মূত্র যদি বিক্রি করে আয় করা যায়, তাহলে সাধারণ কৃষক ও খামারিরা গরুগুলো ছেড়ে না দিয়ে নিজেদের কাছেই রাখবেন।
একই সঙ্গে গ্রামের নারীদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করাও এই প্রকল্প হাতে নেওয়ার অন্যতম উদ্দেশ্য।
সংবাদমাধ্যম এবিপি (ABP) জানিয়েছে, বর্তমানে ১৫টি গ্রামে প্রকল্পটি চলছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ভাষ্য, সংগৃহীত গোমূত্র কৃষিকাজে ব্যবহার করা হবে। তাদের বিশ্বাস, কৃষিকাজে গোমূত্রের ব্যবহার বাড়লে রাসায়নিক পণ্যের ব্যবহার কমানো সম্ভব হবে।
বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করছে সেখানকার সরকার। প্রকল্পের আওতায় ওই ১৫টি গ্রামের বিভিন্ন স্থানে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে।
তবে আদিত্যনাথ সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছে বিরোধী দল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। দলটির অভিযোগ, অর্থ লোপাটের উদ্দেশ্যেই এমন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তাদের দাবি, এ উদ্যোগ সাধারণ মানুষের কোনো কাজেই আসবে না।
সূত্র: এবিপি


