মালয়েশিয়ার পাহাং রাজকন্যা ইলিয়ানার সঙ্গে ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস ফ্রগ্যাটের রাজকীয় বিয়ে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া ও ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল (ক্রিস) ফ্রগ্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি রীতি এবং মালয় রাজপরিবারের ঐতিহ্য অনুসরণ করে তাদের রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রাজকন্যা ইলিয়ানা পাহাংয়ের বর্তমান সুলতান এবং মালয়েশিয়ার সাবেক রাজা (২০১৯–২০২৪) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের কন্যা। জমকালো এই বিয়ের অনুষ্ঠানে সুলতান আবদুল্লাহ, পাহাংয়ের ক্রাউন প্রিন্স টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ, পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

বিয়ের আনুষ্ঠানিকতায় ইসলামি রীতির পাশাপাশি মালয় সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন প্রথাও পালন করা হয়। মূল আনুষ্ঠানিকতার আগে ফ্রগ্যাট নামাজ আদায় করেন। এরপর আংটি বদল এবং বিয়ের উপহার দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নবদম্পতির জন্য বিশেষ মোনাজাতও করা হয়।

এরপর পালন করা হয় মালয় রাজপরিবারের ঐতিহ্যবাহী ‘মেরেনজিস’ প্রথা। এই প্রথায় নবদম্পতির ওপর পানি ছিটিয়ে তাদের আশীর্বাদ করা হয়। ইসলামি রীতি ও রাজপরিবারের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে পুরো অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য পায়।

রাজকীয় এই আয়োজনে রাজকন্যা ইলিয়ানার পোশাক ও অলংকারেও ছিল ঐতিহ্য ও আভিজাত্যের ছাপ। তিনি বিখ্যাত ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের তৈরি বিশেষ একটি গাউন পরেছিলেন। এর সঙ্গে পাহাং রাজপরিবারের ঐতিহ্যবাহী মূল্যবান ‘কুইন আজিজাহ’স ডায়মন্ড টিয়ারা’ পরিধান করেন তিনি।